দুই আবাহনীর মুখেই হাসি

প্রবারণা পূর্ণিমার রাতে চাঁদের আলোর মতোই উজ্জ্বল ছিল দুই আবাহনী। কাল প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারানোর পর একই ব্যবধানে ঢাকা আবাহনী হারিয়েছে উত্তর বারিধারাকে। জোড়া গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন ও ঢাকা আবাহনীর সানডে সিজোবা। লিগে এখন পর্যন্ত হারেনি ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। সাফল্যের ধারাবাহিকতা কালও টেনে নিয়ে গেছে আবাহনী।
দুর্বল উত্তর বারিধারার সঙ্গে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল আবাহনীর। কিন্তু জুয়েল, হেমন্ত, লি টাকেরা অন্তত গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন।
১৪ মিনিটে সানডের গোল, ৩৭ মিনিটে সানডেই স্কোরলাইন করেন ২-০। লি টাকের ক্রস থেকে সানডের হেড উত্তর বারিধারার গোলরক্ষক এরশাদ প্রথমে ফিস্ট করে ফেরান। কিন্তু ফিরতি শটেই সানডের দ্বিতীয় গোল। ৬২ মিনিটে হ্যাটট্রিকই পেয়ে যেতে পারতেন নাইজেরিয়ান স্ট্রাইকার। হেমন্তের ক্রসে পাওয়া বলটি বক্সের সামনে দাঁড়িয়ে তুলে দেন বারিধারার গোলরক্ষকের হাতে! ৭১ মিনিটে লি টাক করেন ম্যাচের তৃতীয় গোল। ম্যাচের শেষ মিনিটে সিতুলের গোলে ব্যবধান কমিয়েছে উত্তর বারিধারা। বারিধারার ফরোয়ার্ড জাভেদের শটটি প্রথমে সাইড পোস্টে লেগে ফেরে। ফিরতি শটে সিতুল করেন সান্ত্বনার গোলটি।
এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল আবাহনী। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই বারিধারা।
শীর্ষে চট্টগ্রাম আবাহনী: ম্যাচ শেষে কাঁদছিলেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সতীর্থরা তাঁকে সান্ত্বনা দিয়ে নিয়ে যান স্টেডিয়ামের বাইরে। প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার সঙ্গে ৩-১ গোলে জিতেছে রানার ক্লাব চট্টগ্রাম আবাহনী। তবু ভীষণ মন খারাপ জাতীয় দলের এই গোলরক্ষকের। ভুটানের কাছে জাতীয় দলের হারের কারণেই আবাহনী গ্যালারি থেকে মামুনুল, রানাদের উদ্দেশে ভেসে এসেছে কটূক্তি। দর্শকদের এমন আচরণ মানতে পারেননি রানা!
ম্যাচ শেষের এই বিড়ম্বনাটুকু বাদ দিলে বেশির ভাগ সময়ই চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের মুখে ছিল হাসি। ম্যাচের মাত্র ১ মিনিট ১২ সেকেন্ডে প্রথম গোলটি করেন জাহিদ। ৫০ মিনিটে আহমেদ মুসার গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ৫৯ মিনিটে আবারও জাহিদের গোল, ২-১-এ এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে ব্যবধান বাড়িয়েছেন লিওনেল সেন্ট প্রিউক্স। ম্যাচে গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড তৌহিদুলকে। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় তৌহিদুলকে স্লাইড ট্যাকল করেন চট্টগ্রাম আবাহনীর আরমান আজিজ। এতেই গুরুতর চোট পান তৌহিদুল।
কালকের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচেই মুক্তিযোদ্ধা।