দুই কোচের যুদ্ধ

তিক্ত সম্পর্কের এক ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ এই দুই ভদ্রলোক! ইংলিশ ফুটবলে ২০০৪ সালে মরিনহোর আগমনের মধ্য দিয়ে এটির শুরু। মরিনহো ওয়েঙ্গারকে ব্যর্থতাবিশারদ বলেন, তো ওয়েঙ্গার খোঁচা দেন মরিনহোর রক্ষণাত্মক কৌশল ও কঁাড়ি কঁাড়ি টাকায় খেলোয়াড় কেনা নিয়ে। মাঠে যখন তাঁদের শিষ্যরা খেলেন, ডাগআউটে ‘খেলেন’ তাঁরাও! রোববার চেলসি-আর্সেনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল আগে থেকেই।

স্ট্যামফোর্ড ব্রিজে দুই কোচের মাঝে শেষ পর্যন্ত গন্ডগোল লেগেই গেল! ঘটনার সূত্রপাত পার্শ্বরেখার কাছেই অ্যালেক্সিস সানচেজকে করা গ্যারি কাহিলের কড়া ট্যাকলকে কেন্দ্র করে। সানচেজকে কাতরাতে দেখেই হয়তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওয়েঙ্গার। তেড়ে যান মরিনহোর দিকে। ক্রুদ্ধ ওয়েঙ্গার ধাক্কা দিয়ে বসেন মরিনহোকে। ভারসাম্য রক্ষা করতে না পেরে মরিনহো টেনে ধরেন ওয়েঙ্গারের টাই। শেষ পর্যন্ত চতুর্থ রেফারি এসে নিরস্ত করেন দুই কোচকে। তাঁরা পারেনও বটে! এএফপি, রয়টার্স