দুই কোরিয়ার ফুটবল: আবেগের, শত্রুতার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন এশিয়াড ফুটবলে দুই কোরিয়ার ফাইনাল কেবল আবেগই ছড়িয়েছে, শত্রুতা নয়। ছবি: রয়টার্স
ইনচন এশিয়াড ফুটবলে দুই কোরিয়ার ফাইনাল কেবল আবেগই ছড়িয়েছে, শত্রুতা নয়। ছবি: রয়টার্স

এশিয়ান গেমসের ইতিহাসের সবচেয়ে ‘গরম’ ফুটবল ফাইনালটিই কি কাল দেখল পুরো এশিয়া? ইনচনের মুনহাক স্টেডিয়ামে কাল এশিয়াড ফুটবল ফাইনালে এমন দুটি দল মুখোমুখি হয়েছিল, যারা রাষ্ট্র হিসেবে ভিন্ন হলেও জাতি হিসেবে এক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলাদা হয়ে যাওয়া কোরিয়ার দুটি অংশ যখন ‘কোনো এক কোরিয়া’র মাটিতেই ফুটবল-যুদ্ধে অবতীর্ণ হয়, তখন সেই লড়াই আবেগকে না নাড়িয়ে পারেই না। শুক্রবার দক্ষিণ কোরিয়ার মাটিতে এশিয়াড ফুটবল ফাইনালে দুই কোরিয়ার লড়াইও তাই অন্য রকম এক অনুভূতি এনে দিয়েছিল দুই কোরিয়ার মানুষের মধ্যে। সারা দুনিয়াও তো উন্মুখ হয়ে অপেক্ষায় ছিল দুই ‘চিরশত্রু’র ফুটবল লড়াই দেখতে। যে লড়াইয়ে শেষ অবধি জয় হয়েছে দক্ষিণেরই। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে বাজিমাত করে এশিয়ান গেমসের ফুটবল-স্বর্ণটা উত্তরে যেতে দেয়নি দক্ষিণ কোরীয় ফুটবলাররা।
রাজনীতি কত অদ্ভুত ঘটনারই না জন্ম দেয়। এক জাতি, এক চেহারা, এক ভাষা, এক সংস্কৃতি; তার পরও কোরিয়া বিভক্ত আলাদা দুটি দেশে। রাজনীতির কারণেই সম্পর্কটা বৈরী, যুদ্ধবিগ্রহ আর কুৎসিত শত্রুতায় ঠাসা। দুই কোরিয়ার মধ্যে নেই কোনো ইন্টারনেট যোগাযোগ, নেই সফর-বিনিময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলাদা হয়ে যাওয়া কোরিয়ার দুই ভূখণ্ড ১৯৫৩ সালের পর থেকেই কার্যত যুদ্ধাবস্থায় আছে। পঞ্চাশের দশকে কোরীয় যুদ্ধে ‘বিরতি’ আসলেও সেই বিরতি চলছে এখনো। দুই ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সরকারগুলোর মধ্যে কোনো ‘শান্তিচুক্তি’ না হওয়াতে যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি কেউই। এই অবস্থায় কোরিয়ার দুই ভূখণ্ড যখন যেকোনো খেলাতে মুখোমুখি হয়, সেটা ছড়িয়ে দেয় বাড়তি উত্তেজনাই।
আন্তর্জাতিক মিডিয়া দুই কোরিয়ার লড়াইকে ‘আবেগ’, ‘শত্রুতা’ ইত্যাদির মোড়ক দিলেও কোরিয়ানরা এই লড়াইকে কীভাবে দেখে? রাজনৈতিকভাবে একনায়কতন্ত্রের জাঁতাকলে পিষ্ট উত্তর কোরীয়দের এ ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার নেই। সরকার যেখানে কোরিয়ার দক্ষিণাংশকে ‘শত্রু’ হিসেবে দেখে, সেখানে উত্তর কোরীয়দেরও তাদের শত্রু ভাবা ছাড়া গত্যান্তর নেই। এ ব্যাপারে যেকোনো ধরনের ‘ব্যক্তিগত মত’কে কবর দিয়েই পথ চলতে হয় উত্তর কোরীয়দের। কিন্তু দক্ষিণ কোরীয়রা উন্মুক্ত দুনিয়ার বাসিন্দা। তাঁরা তো উত্তর কোরীয় ভাইদের নিয়ে অভিমত দিতেই পারে। ইনচন এশিয়ান গেমসের ফুটবল ফাইনাল যেমন বেশির ভাগ দক্ষিণ কোরীয়র কাছেই অন্য আর দশটা ম্যাচের মতোই। তাদের মতে, এতে কোনো অস্বাভাবিকতা নেই। নেই কোনো শত্রুতা।আবেগ? সেটা কিছুটা থাকলেও থাকতে পারে।
৪৪ বছর বয়ষ্ক প্রকৌশলী লি সুন গুক তাঁর দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কাল এসেছিলেন মুনহাক স্টেডিয়ামে। তিনি বললেন, ‘ম্যাচটা নিয়ে আমার মধ্যে বাড়তি কোনো উত্তেজনা নেই। আমি উত্তর কোরিয়ার বিপক্ষে খেলাটি দেখতে এসেছি, উপভোগ করতে এসেছি। দক্ষিণ কোরিয়া জিতেছে এতে খুশি হয়েছি। কিন্তু উত্তর কোরিয়াকে আমি কখনোই শত্রু হিসেবে দেখি না। আমরা একই ভাষায় কথা বলি, একই খাবার খাই। একই রীতি-নীতি অনুসরণ করি। উত্তর কোরিয়া আমাদের শত্রু হতে যাবে কোন দুঃখে?’
যাঁরা ম্যাচটির আগে রাজনৈতিক উত্তেজনার ব্যাপারটি খুঁজে ফিরছিলেন, তাঁরা খেলার সময় বেশ ‘হতাশ’ হয়েছেন একথা বলে দেওয়াই যায়। মুনহাক স্টেডিয়ামের গ্যালারি কাল ছিল দারুণ প্রাণবন্ত। সেখানে প্রতিপক্ষকে শত্রু হিসেবে ধরে নিয়ে কোনো বাড়তি উত্তেজনা কাজ করেনি। উত্তর কোরীয় ফুটবলাররা সবচেয়ে ‘উসকানিমূলক’ যে ব্যাপারটির দেখা পেয়েছেন, তা হলো স্টেডিয়ামে বড় বড় দক্ষিণ কোরীয় পতাকার উপস্থিতি। এর বাইরে পুরো মাঠের পরিবেশই ছিল শান্ত, দারুণ ক্রীড়াবান্ধব। মাঠে উত্তর কোরীয় দর্শকদের উপস্থিতিও ছিল, কিন্তু সরকারি নাগপাশ থেকে মুক্তি পেয়ে তাঁরা যেন ছিল অনেকটাই শান্ত-ক্রীড়ামনষ্ক। ‘রাজনৈতিক শত্রু’র বিপক্ষে নরমভাবে ছোট ছোট জাতীয় পতাকা ওড়ানোর ব্যাপারটি উত্তরের শাসকগোষ্ঠী কীভাবে দেখছেন, সেই শঙ্কার ধার তাঁরা ধারেননি।
মাঠের খেলাটাও হয়েছে আর দশটা খেলার মতোই। নানা রকম কথাবার্তার কারণেই কিনা, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল একটু বাড়তি উত্তেজনা, সেটা তো যেকোনো বড় ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে থাকে। কিন্তু সেই উত্তেজনা কখনোই সীমা অতিক্রম করেনি। ম্যাচটা উত্তর কোরিয়াও জিততে পারতো। কিন্তু খেলার নির্ধারিত সময়ের ৮০ মিনিটে উত্তর কোরীয় স্ট্রাইকার পাক কোয়াং ইয়ংয়ের হেড দক্ষিণ কোরিয়ার ক্রসবারে লেগে ফেরাটা যেন ছিল পিয়ং ইয়ং (উত্তর কোরিয়ার রাজধানী) শোকস্তব্ধ হয়ে যাওয়ার মতোই ব্যাপার।
কিন্তু জয়ের পর বাড়তি কোনো উচ্ছ্বাস ছিল না সিউল, বুসান কিংবা ইনচনে। যেন দক্ষিণ কোরিয়া জিতেছে অন্য আর দশটা আন্তর্জাতিক ম্যাচের মতোই কোনো এক ম্যাচে। উত্তর কোরিয়াকে হারিয়ে ২৮ বছর পর এশিয়ান গেমসের ফুটবলে সোনা জয়ের ব্যাপারটি যেন তাদের আরও বেশি উচ্ছ্বসিত করতো চীন কিংবা জাপানকে হারিয়ে জিতলে।
ঝগড়া করে আলাদা হয়ে যাওয়া ভাইয়ের বিপক্ষে জয় কখনোই খুব আনন্দ নিয়ে ধরা দেয় না। দক্ষিণ কোরীয়রা সেটা বুঝেছে বেশ ভালোভাবেই। সূত্র: স্ট্রেইটটাইমস ডটকম