দুই গাম্বিয়ানে জয় জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাম্বিয়ান সলোমনে জেতালেন শেখ জামালকে। ছবি: শামসুল হক
গাম্বিয়ান সলোমনে জেতালেন শেখ জামালকে। ছবি: শামসুল হক

ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে গাম্বিয়ান ফুটবলার সলোমন কিংয়ের কানে কানে কী যেন বললেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ জোসেফ আফুসি। শেখ রাসেলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি তখন ১-১ সমতায় এগিয়ে চলেছে। আফুসি হয়তো সলোমনের কানে প্রতিপক্ষের রক্ষণ খোলার কৌশলটিই বলেছিলেন। তাঁর শেষ মিনিটের গোলেই শেষ পর্যন্ত শেখ জামাল রাসেলকে হারিয়েছে ২-১ গোলে। এটি তাদের টানা তৃতীয় জয়।
খেলা শুরুর ৮ মিনিটের মাথায়ই শেখ জামালকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আরেক গাম্বিয়ান ফুটবলার মোমোদু। এনামুলের কর্নার থেকে হেড করে গোলটি করেন তিনি। পাঁচ মিনিট পরেই এনামুলের আরেকটি কর্নারে রাফায়েলের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় শেখ জামালকে আক্ষেপে পুড়িয়ে। গাম্বিয়ান মোমোদু ও নাইজেরিয়ান রাফায়েলে হাঁসফাঁস করতে থাকা শেখ রাসেল অবশ্য খেলায় ফেরে ম্যাচের ৩৭ মিনিটে, খালেকুজ্জামান সবুজের গোলে।
দুর্দান্ত একটা গোলই করেছেন সবুজ। বারবার দেখার মতোই গোল এটি। মাঠের বাম প্রান্ত থেকে চলতি বলে তাঁর বাঁ পায়ের ভলিটি শেখ জামালের গোলরক্ষক মিতুলকে ফাঁকি দিয়ে ঢুকে যায় দূরের পোস্ট দিয়ে। মিতুল নড়ে ওঠারও সুযোগ পাননি। এমন গোল দেখে প্রতিপক্ষ কোচ জোসেফ আফুসি হাত দিলে অবাক হওয়ার কিছু নেই!
ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেও খুশিই হতো শেখ রাসেল। কিন্তু তাদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হতে দেননি সলোমন। যোগ করা সময়ে মোমোদুর হেড দিয়ে বাড়ানো বল দৌড়ে গিয়ে জালে ফেলেন সলোমন। শেখ রাসেলের দুই স্টপারব্যাক উত্তম আর মণি তখন দর্শক হয়েই ছিলেন। ও মণি যেন দর্শক।
লিগের তিন ম্যাচে আজই প্রথম হারের মুখ দেখল রাসেল। আগের দুই ম্যাচে একটি ড্র ও একটি জয় ছিল তাদের।