দুই গোল খেয়ে দুই গোল ফেরত বাংলাদেশের

>
- আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের বিপক্ষে ২-২ গোলে ড্র বাংলাদেশের
- ভিয়েনতিয়েনে হয়েছে ম্যাচটি
প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমে খুব খারাপ করেনি অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ। লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। খেলার একটি বড় অংশ ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ সময়ের কারিশমায় ম্যাচটি ২-২ গোলে শেষ করেছে বাংলাদেশ। দুটি বাজে গোল হজম আফসোসটা বরং বাড়াচ্ছেই। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে আন্তর্জাতিক ফুটবলে ফেরার এই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে থাকতে পারত। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন জাফর ইকবাল ও আবু সুফিয়ান সুফিল।
বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম গোলটির জন্য দায়ী ডিফেন্ডার মামুন মিয়া। ‘শিশুতোষ’ গোল খাওয়ার যে বদনাম বাংলাদেশ ফুটবল দলের আছে, সেটি থেকে আজও যে বেরিয়ে আসা যায়নি, তার প্রমাণই রেখেছেন মামুন। দ্বিতীয় গোলটিও মাসুক মিয়া জনির উপহার দেওয়া পেনাল্টির মাধ্যমে।
৮১ মিনিটেও স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে বাংলাদেশ ০-২ লাওস। ম্যাচটা তো কার্যত প্রায় শেষই! কিন্তু বাংলাদেশের ম্যাচে ফেরা ১০ মিনিটের ম্যাজিক শোতে। ৮২ মিনিটে জটলার মধ্যে থেকে ২-১ করেছেন জাফর। শুধু গোলটি করে বাংলাদেশকে সমতায় ফেরাননি তিনি। দুই উইং বদল করে পুরো ম্যাচে খেলেছেনও দুর্দান্ত। ২-১ স্কোর নিয়েই শেষের দিকে এগোচ্ছিল ম্যাচটি। তখনই দৃশ্যপটে এলেন জাফরের বন্ধু সুফিল। ৯২ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে জড়িয়ে দিলেন জালে, ২-২।
গত সেপ্টেম্বরে দুই বন্ধুই অনূর্ধ্ব–১৮ সাফ ফুটবলে দুর্দান্তভাবে ভারতের বিপক্ষে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। প্রথমার্ধে তিন গোল হজম করা বাংলাদেশই দ্বিতীয়ার্ধে ভারতের জালে ফেরত দিয়েছিল চার গোল। জাফরের জোড়া গোলের সন্ধ্যায় এক গোল করেছিলেন সুফিল। অনূর্ধ্ব–১৮ সাফের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু সেদিন জেতাতে পারলেও আজ ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো দুই তরুণ তুর্কিকে।
তবু শেষ কবে কোন আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ এভাবে ফিরেছে—এটা ফুটবলপ্রেমীরা হয়তো ভুলেই গেছেন।