দুই গোলে এগিয়েও আবাহনীর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আবাহনী। ভুটানের কিংস কাপে কাল নেপালের মানাং মার্সিয়াংদির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অমলেশ সেনের দল।
টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে দুই দলেরই দরকার ছিল জয়। আবাহনী প্রথমার্ধে দারুণ খেলে জয়ের সুবাস পাচ্ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি হেরেও যেতে পারত!
৮২ মিনিটে হলো ২-২। ২৫ গজ দূর থেকে মানাংয়ের বিশাল রাইয়ের শট পুরোপুরি আটকাতে পারেননি আবাহনী গোলরক্ষক জিয়া, ফিরতি বল জালে পাঠান শিবা শ্রেষ্ঠ। ৫১ মিনিটে একক নৈপুণ্যে ২-১ করেন অনিল গুরুং। অথচ ৩০-৩৭ মিনিটে দুই গোল করে জয়ের পথে দারুণভাবেই যাত্রা করেছিল আবাহনী। ডিফেন্ডার নাসির এনে দেন প্রথম গোল, গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার জোরালো শটে ২-০।
আবাহনী ও মানাংয়ের পয়েন্ট তিন ম্যাচে ৪। দুই দলেরই সেমিতে ওঠার পথ খোলা আছে। আবাহনীর শেষ গ্রুপ ম্যাচ ২৫ নভেম্বর পুনে এফসির সঙ্গে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শেখ জামালের দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের নাকন রাতসাসিমার সঙ্গে।
মোহনবাগানের ড্র: টুর্নামেন্টে কাল নিজেদের প্রথম ম্যাচে ভুটানের দুর্বল উগেন একাডেমির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে কলকাতা মোহনবাগান। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জার্সি গায়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে একটা গোল করলেও দলকে জেতাতে পারেননি সনি নর্দে।