দুই ডাগ-আউটে গুরু আর শিষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে সূর্য কি তাহলে পশ্চিম দিকেই উঠল? আজ চেলসির মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড, মাঠে পড়ার আগে জিবের গোড়ায়ও একটু এসে যাওয়ার কথা। তার ওপর হোসে মরিনহো এবার চেলসিতে। কিন্তু এমন ম্যাচের আগেও আবহটা যেন নিরুত্তাপ। ইউনাইটেড কোচ লুই ফন গালের কণ্ঠে প্রীতির সুর, প্রতিপক্ষ কোচের জন্য অকৃপণ প্রশংসা। আর মরিনহো? খোঁচা বা বিদ্রূপের আভাসও নেই চেলসি কোচের মুখে। ওল্ড ট্রাফোর্ডে যা-ই হোক, আজ তাহলে সৌহার্দ্যের প্রশান্ত বাতাসই বইবে।
কারণটা হয়তো কেউ কেউ অনুমান করে নিতে পারেন। মরিনহো-ফন গালের মধ্যে অনেক আগে থেকেই অন্য রকম একটা সম্পর্ক। সেই ১৯৯৭ সালে ফন গাল যখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন, মরিনহো ছিলেন তাঁর সহকারী। তিন বছর ডাগ-আউটে কাজ করেছেন পাশাপাশি, বার্সেলোনার হয়ে দুবার লা লিগাও জিতেছেন। শিষ্য কি গুরুর নিন্দামন্দ করতে পারেন?
ফন গাল আজ নিশ্চয়ই শিষ্যের কাছ থেকে গুরুদক্ষিণা চাইবেন না? মরিনহোর জন্য অবশ্য গর্বই অনুভব করার কথা তাঁর, শিষ্য তো গুরুকে প্রায় ছুঁয়েই ফেলেছে। ফন গাল ফিরে গেলেন পুরোনো দিনগুলোয়, ‘আমি আয়াক্সে লিও বিনহ্যাকারের সহকারী ছিলাম। তিনি আমার চোখ খুলে দিয়েছিলেন। মরিনহো যখন আমার সঙ্গে কাজ করেছে সেও চোখ কান খোলাই রেখেছিল। কৃতিত্বটা আমি ওকেই দেব।’ ছাত্রের ‘স্পেশাল ওয়ান’ ডাকনাম থেকেও কোনো কৃতিত্ব দাবি করছেন না ফন গাল, ‘আমি মনে করি, প্রতিটি মানুষই আলাদা। সবার নিজের পরিচয় আছে। সে আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি তার সঙ্গে কাজ করেছি। সেই সম্পর্ক এখনো অটুট। ফুটবলজগতে কিন্তু সব সময় এমনটা ঘটে না। এটা খুবই সুন্দর।’
গুরু আর শিষ্য মুখোমুখি বলে কথার লড়াই চলার সম্ভাবনা একরকম নেই বললেই চলে। ফন গাল জানাচ্ছেন, শুধু মরিনহো নন, কারও সঙ্গেই মাঠের বাইরের খেলায় আগ্রহ নেই তাঁর, ‘আমি আসলে ইস্পাতের তৈরি। আমার একটা ইস্পাতের বর্মও আছে। আমার সম্পর্কে অনেকেই অনেক কিছু বলতে বা লিখতে পারে, কিন্তু সেসব তো আমি বদলাতে পারব না। আমি ঠিক করেছি, এসব নিয়ে আমি কখনোই প্রতিক্রিয়া দেখাব না। নিজের, খেলোয়াড়দের, স্টাফদের ওপরই আমি আস্থা রাখব। এটাই গুরুত্বপূর্ণ।’
মরিনহো অবশ্য নিজের দলকে নিয়েই বেশি ভাবছেন। ভাইরাস সংক্রমণের পর হাসপাতাল থেকে ফিরলেও ডিয়েগো কস্তার মাঠে নামা এখনো অনিশ্চিত। মরিনহো জানিয়ে দিয়েছেন, কস্তাকে নিয়ে ফাটকা খেলতেও পারেন। আরেক স্ট্রাইকার লইক রেমিও চোটের কারণে খেলবেন না আজ। শুরু থেকেই তাই মাঠে নামতে পারেন দিদিয়ের দ্রগবা। ইউনাইটেডের অবশ্য তেমন কোনো চোটসমস্যা নেই। তবে নিষেধাজ্ঞার কারণে আজও মাঠের বাইরেই থাকতে হবে ওয়েইন রুনিকে। এএফপি।