
ম্যাচ শেষে ভিআইপি গ্যালারিতে তুমুল হট্টগোল। রেফারিদের কক্ষের সামনে দাঁড়িয়ে মারমুখী ভঙ্গিতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন কর্মকর্তা। বিশৃঙ্খলা দেখে এগিয়ে এলেন পুলিশ ও বিএনসিসির সদস্যরা। রেফারিদের ওপর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলেন মুক্তিযোদ্ধার ওই সমর্থক দল। মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকেও যেভাবে ২-২ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা, তাতে পুরো দলটির সঙ্গে এই সমর্থকেরাও হতাশ।
অথচ কাল জিতলেই এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠত মুক্তিযোদ্ধা। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে অবশ্য শেখ জামালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষেই রইল। পাঁচ ম্যাচে চার ড্রয়ে ৪ পয়েন্ট পাওয়া মোহামেডান নবম।
কালকের ম্যাচে জয়ের নায়ক হতে পারতেন তৌহিদুল আলম। মোহামেডানের জার্সি গায়ে অধিনায়ক তৌহিদুল আলম (সবুজ) করেছেন জোড়া গোল। আবার মুক্তিযোদ্ধারও দুটি গোলই করেছেন তৌহিদুল আলম। কাকতালীয়ভাবে দুই ফুটবলারের জার্সি নম্বরই ১০! ড্র হওয়ায় ম্যাচ শেষে দুজনই হতাশ।
স্বাধীনতা কাপে দুর্দান্ত খেলা মুক্তিযোদ্ধার তৌহিদুল জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন পরের টুর্নামেন্ট ফেডারেশন কাপে খেলে! ক্যাম্পে যোগ দেওয়ার পরই কুঁচকিতে ব্যথা পেয়ে আবারও ফিরেছেন ক্লাবে। এ জন্য লিগে এক ম্যাচ বসে থাকতে হয়েছে। বাকি চার ম্যাচে খেলে ২ গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা (৪টি) আহমেদ মুসাকে ছাপিয়ে চট্টগ্রামের ছেলে তৌহিদুলই সব আলো কেড়ে নিলেন নিজের দিকে।
অথচ ম্যাচে প্রথম গোল করে নায়ক হওয়ার আভাস দিয়েছিলেন আরেক তৌহিদুল, মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। ৩০ মিনিটে বিপলু আহমেদের শট সাইডপোস্টে লেগে ফেরে। ফিরতি বলে আলতো টোকায় তৌহিদুল এগিয়ে দেন মোহামেডানকে (১-০)। মোহামেডান ডিফেন্ডার আশিক গোললাইন সেভ না করলে ১৯ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধাই। পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা সমতায় ফেরে ৫৬ মিনিটে। মুসার বাড়িয়ে দেওয়া বলে বক্সের ভেতরে দাঁড়ানো তৌহিদুল করেন ১-১। রক্ষণাত্মক খেলতে গিয়েই এগিয়ে থেকেও মোহামেডান ব্যর্থ হয়েছে গোল ধরে রাখতে। তৌহিদুলই ৭২ মিনিটে এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে, মানিকের মাপা ক্রসে, দুর্দান্ত হেড করে (২-১)। জয়ের সুবাস পেয়েও মুক্তিযোদ্ধা সেটি হারিয়ে ফেলেছে নিজেদের ভুলেই। বক্সের মধ্যে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মানিকের হাতে বল লাগলে পেনাল্টি পায় মোহামেডান, তা থেকে গোল করেন তৌহিদুল। বাকি সময়ে অবশ্য মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড মুসা গোটা দুয়েক নিশ্চিত সুযোগ হাতছাড়া করেছেন।
জয়টা মুঠো ফসকে বেরিয়ে যাওয়ায় হতাশ মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু, ‘ছেলেরা যেভাবে সুযোগ নষ্ট করেছে তাতে আমি হতাশ। এসব ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারলে জয় পাওয়া সম্ভব না। আর এভাবে পেনাল্টি থেকে যে গোল খাব, সেটা ভাবতেই পারিনি। আসলে আমাদের ওই ডিফেন্ডারের অপরিপক্বতার কারণেই পেনাল্টি পেয়েছে মোহামেডান।’
মুক্তিযোদ্ধার সঙ্গে ড্রয়ের জন্য নতুন গোলরক্ষককে দুষলেন মোহামেডান কোচ জোসিম উদ্দিন জোসি, ‘এই ম্যাচে সবচেয়ে বড় সমস্যা ছিল গোলরক্ষক। দলের প্রধান গোলরক্ষক নেহালের জ্বর। বদলি হিসেবে খেলা সাইফুল একেবারেই অনভিজ্ঞ। এ জন্যই গোল দুটো হয়েছে।’