দুই দলের ব্যবধান? ৩ হাজার ৫০০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের দামের তফাৎটাই কি আজ বড় হয়ে উঠবে? ফাইল ছবি।
দলের দামের তফাৎটাই কি আজ বড় হয়ে উঠবে? ফাইল ছবি।

দুই দলের অতীত রেকর্ড বলছে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ লড়াইটা হবে কুলীনের সঙ্গে অর্বাচীনের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই ট্রফিটা রিয়াল মাদ্রিদ জিতেছে ১০ বার, অ্যাটলেটিকোর এখানে শিরোপা মঞ্চটা এখনো অচেনা। তবে শুধু ট্রফি ক্যাবিনেটই নয়, মিলান ফাইনালের আগে আজ দুই দলের ব্যাংক ব্যালেন্সের তফাৎটাও চোখে পড়ার মতো। রিয়ালের সঙ্গে অ্যাটলেটিকোর দলের খেলোয়াড়দের মূল্য হিসেবেই প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর পার্থক্য! বাংলাদেশি মুদ্রায় যেটি ৩ হাজার ৫০০ কোটি টাকা!

আজ ফাইনালে যে স্কোয়াড নিয়ে মিলান গেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান, সেটির পেছনে খরচ হয়েছে প্রায় ৫৬০ মিলিয়ন ইউরো। আর অ্যাটলেটিকোর? ১৬৬ মিলিয়ন! শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৯৪ মিলিয়ন ইউরো) ও গ্যারেথ বেলকে (১০০ মিলিয়ন ইউরো) কিনতেই রিয়ালের যে খরচ হয়েছে, সেটি অ্যাটলেটিকোর আজকের পুরো স্কোয়াডের খরচের চেয়ে বেশি!
দুই দলের দামে প্রায় ৪০ কোটি ইউরোর তফাৎটা অবশ্য মাঠে নামার পর কোনো মানেই রাখবে না, ম্যাচের জয়-পরাজয় তো নির্ধারিত হবে মাঠে কে বেশি উজাড় করে দিচ্ছে তার ওপর। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে নিজেই একবার কথাটা বলেছিলেন। ‘বার্সা-রিয়ালের মতো এত ধনী ক্লাবের সঙ্গে প্রতি বছর প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া সম্ভব কি না’ এমন প্রশ্নে বলেছিলেন, ‘রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই বাজেটের পার্থক্যটা কোনো মানে রাখে না। হৃদয়ই তো এখানে বাজেটের সমান!’
হৃদয় দিয়ে লড়েই বার্সা-রিয়ালের সঙ্গে গত কয়েক বছর ধরে অ্যাটলেটিকোকেও সমানে-সমান করে রেখেছেন সিমিওনে। প্রতি বছর ক্লাবের আর্থিক অবস্থায় উন্নতি ধরে রাখতে তারকা খেলোয়াড়দের বিক্রি করে দিতেও হচ্ছে। কিন্তু নতুন অচেনা মুখগুলোকে দিয়েই লিগে সেরা তিনে থাকছে অ্যাটলেটিকো, তিন বছরে খেলছে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালও। সবই হয়েছে সেই হৃদয় দিয়ে খেলেই।
অবশ্য বাজেট বেশি বলেই রিয়ালে খেলায় তো আর হৃদয়ের ছোঁয়া কম নয়! সেখানেও আজ আছে ফুটবলের কিছু রোমান্টিক গল্পের অপেক্ষা। খেলোয়াড় হিসেবে অনেক কিংবদন্তির জন্ম দেওয়া জিনেদিন জিদান রিয়ালের কোচ হিসেবেও রূপকথা লিখতে পারবেন কি না, ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারবেন কি না—প্লট তো সেখানেও তৈরি।
শেষ পর্যন্ত আসল সেই হৃদয়ের ছোঁয়াই পার্থক্যটা গড়ে দেবে। অর্থের সাধ্য কি সেখানে বাগড়া দেয়। গোলডটকম।