দুই পিঠই দেখলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি মিস! হতাশায় মুখ ঢেকে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু রিয়াল-লুদোগোরেৎস ম্যাচে l রয়টার্স
পেনাল্টি মিস! হতাশায় মুখ ঢেকে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু রিয়াল-লুদোগোরেৎস ম্যাচে l রয়টার্স

হতাশা, আনন্দ, শঙ্কা, স্বস্তি—পরশু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একটা ম্যাচ থেকেই বিচিত্র সব অনুভূতির স্বাদ পেয়ে গেছেন কার্লো আনচেলত্তি। প্রথমে পেনাল্টি নষ্ট করে রোনালদো হতাশ করেছিলেন দলকে। পরে সেই পেনাল্টি থেকেই গোল করে উদ্যাপনের উপলক্ষ এনে দিয়েছেন। ম্যাচ শেষে অ্যাঙ্কেলের চোট নিয়ে যখন মাঠ ছাড়ছিলেন, একটু অমঙ্গলের বাতাস যেন ছুঁয়ে যেতে চাইল আনচেলত্তিকে। শেষ পর্যন্ত নির্ভারই হয়েছেন, রোনালদোর চোট অতটা গুরুতর নয়।
অথচ রোনালদোর পেনাল্টি যখন লুদোগোরেৎসের গোলরক্ষক ঠেকিয়ে দিলেন, তখন কি সোফিয়ার আকাশে আনচেলত্তি কোনো অশনিসংকেত দেখছিলেন? যে ক্লাবের বয়সই মাত্র ১৩ বছর, যাদের বার্ষিক বাজেট রোনালদোর বেতনের তিন ভাগের এক ভাগ—তাদের তো রিয়ালের উড়িয়েই দেওয়ার কথা। অথচ ৬ মিনিটে রিয়ালকে হতভম্ব করে কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় লুদোগোরেৎস। এরপর পাঁচ মিনিট পরেই পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরার সুযোগ পেয়ে যান রোনালদো। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি।
তবে আনচেলত্তি বোধ হয় ভুলে গিয়েছিলেন, রোনালদোর পেনাল্টি মিস করাটা খুব খারাপ কিছু নয়। অন্তত নিকট অতীত তাই বলে। সর্বশেষ যে দুই ম্যাচে (মালাগা ও কোপেনহেগেনের সঙ্গে) রোনালদো পেনাল্টি থেকে গোল করতে পারেননি, দুটিতেই জিতেছে রিয়াল। পরশু ও রকমই গল্পই লেখা হলো শেষ পর্যন্ত। সেটাও শুরু করলেন রোনালদোই। এবং বিস্ময়করভাবে গোলটা করেছেন পেনাল্টি থেকেই। ২৫ মিনিটে এই গোলটি করেই রোনালদো চলে গেছেন রাউলের আরেকটু কাছাকাছি। রিয়াল পূর্বসূরির চ্যাম্পিয়নস লিগের ৭১ গোলের রেকর্ড ছুঁতে আর দুটি মাত্র গোল দরকার ‘সিআর সেভেনের’।
শেষ পর্যন্ত ৭৭ মিনিটে বেনজেমার গোলে জয় নিশ্চিত হয়েছে রিয়ালের। তবে লুদোগোরেৎস তাদের কম ভোগায়নি। ক্যাসিয়াসের কয়েকবার পরীক্ষাও নিয়েছে। রক্ষণ নিয়ে উদ্বেগটা আনচেলত্তির কণ্ঠে তাই চাপা থাকল না, ‘সেট পিস থেকে গোল যাতে না খাই, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু বেশ ভুগেছি, শুরুতে গোল খেয়ে পুরো ব্যাপারটাকে আরও জটিল করে ফেলেছি।’ এএফপি, রয়টার্স, মার্কা।
তাঁর পেনাল্টি মিস
মোট মিস
১১
জাতীয় দলে
২
ম্যানচেস্টার ইউনাইটেেড
৩
রিয়াল মাদ্রিদে
৬