দুই বছর পর স্কুল ফুটবল
‘কারা হবে চ্যাম্পিয়ন?’—স্লোগানটা এবারের জাতীয় স্কুল ফুটবলের। সারা দেশ থেকে খুদে ফুটবলার তৈরি করতে দুই বছর আগে শেষবার বাফুফে আয়োজন করেছিল এই টুর্নামেন্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বেশ সাড়াও মিলেছিল সারা দেশের স্কুলগুলোয়। কিন্তু পরের বছর আর হয়নি এই টুর্নামেন্ট। তবে ২৪ সেপ্টেম্বর খুলনা বিভাগ থেকে আবারও শুরু হচ্ছে স্কুল ফুটবল। এরপর পর্যায়ক্রমে শুরু হবে বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরে। গতবারের চেয়ে এবার স্কুলের সংখ্যা বেড়েছে, অংশ নিচ্ছে প্রায় পাঁচ হাজার ৪০০টি স্কুল।
টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। প্রতিটি উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো খেলবে জেলা পর্যায়ে। জেলা, বিভাগ ও চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ছয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর সঙ্গে ঢাকা বিভাগের সেরা চারকে মিলিয়ে মোট ১৬টি দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১০ লাখ টাকার প্রাইজমানি, রানার্সআপ ৫ লাখ টাকা।
স্কুল ফুটবলেই দেশের ভবিষ্যৎ ফুটবলার দেখছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘স্কুল ফুটবল থেকে উঠে এসেছে অনেক বড় ফুটবলার। আমি নিজেও স্কুল ফুটবল খেলেছি। আসলে বাফুফের ফুটবল উন্নয়নের জন্য স্কুল ফুটবলের কোনো বিকল্প নেই। আমরা এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে যুব একাডেমিতে ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করেছি।’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইসলামী ব্যাংক। কাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খানসহ অন্যরা।