দুই বছর শাস্তি কমল প্লাতিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা কমে চার বছর হয়েছে মিশেল প্লাতিনির। ফাইল ছবি।
নিষেধাজ্ঞা কমে চার বছর হয়েছে মিশেল প্লাতিনির। ফাইল ছবি।

আট বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন আগেই। সেটা কমে ছয় বছর হয়েছিল। মিশেল প্লাতিনির একমাত্র ভরসা ছিল সর্বোচ্চ ক্রীড়া আদালত। সেখানে শাস্তিটা মওকুফ হয়ে গেলে আবার ফিরতে পারতেন উয়েফায়। কিন্তু সেটা আর হচ্ছে না। সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস) প্লাতিনির আগের ছয় বছরের শাস্তিটা কমিয়েছে বটে, কিন্তু বাতিল করেনি। নিষেধাজ্ঞা কমে এখন দাঁড়িয়েছে চার বছরে। তার মানে ঘরের মাঠে অনুষ্ঠেয় ইউরোতেও এখন দর্শক হয়ে দেখতে হবে প্লাতিনিকে। ২০১৯ সালের পরবর্তী ফিফা নির্বাচনেও আর প্রার্থী হওয়া হচ্ছে না।

সেপ ব্ল্যাটারের সঙ্গে একটা আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল প্লাতিনির বিরুদ্ধে। সেটার জন্য গত বছর ফিফার নৈতিকতা কমিটি আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল প্লাতিনিকে। ফিফায় আপিল করে সেটি দুই বছরের জন্য কমিয়েছিলেন ফরাসি কিংবদন্তি। পরে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নেওয়ার জন্য সিএএসের কাছে আবেদন করেছেন। সিএএস জানিয়েছে, প্লাতিনির আর্থিক অনিয়ম তারা খুব বেশি গুরুতর মনে করে না। কিন্তু ফিফাকে কলঙ্কিত করার জন্য চার বছরের নিষেধাজ্ঞার বহাল রাখার রায় দেয়।

এই রায়ের পর প্লাতিনি আনুষ্ঠানিকভাবে উয়েফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন। নিষেধাজ্ঞার পর প্লাতিনির অবর্তমানে স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি আনহেল মারিয়া ভিলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ইউরোতে উয়েফা প্রধান হিসেবে কে থাকবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।