দুই বছর আগের টুইটে এক দিনেই শেষ বার্সা ক্যারিয়ার!

স্বপ্নের দুয়ারে প্রায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য সার্জি গার্দিওলার পেরোনো হলো না সেই দরজার চৌকাঠ। নাম লিখিয়েছিলেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। বার্সা-বি দলে তাঁর চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ধেয়ে এল দুঃসংবাদ। সার্জিকে বার্সা রাখবে না। চুক্তি বাতিল!
কিন্তু হঠাৎ কেন বার্সার সিদ্ধান্ত বদল? বিরাট ‘পাপ’ করেছিলেন সার্জি। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করে তাঁর অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল ‘আলা মাদ্রিদ’ (জয়তু মাদ্রিদ)। একই বছরের অক্টোবরে আরেক টুইট বার্তায় খিস্তি করেছিলেন কাতালুনিয়ানদের উদ্দেশে। এত দিন পর খুঁজে বের করা হলো সেই টুইট। যে খেলোয়াড় ঘোর ‘শত্রু’দের জয়গান গেয়েছে, তাঁকে জায়গা দেওয়ার জন্য কিছুটা ছাড় দিতেও পারত বার্সা। এক সময় রিয়ালে খেলা কম খেলোয়াড়ও তো বার্সা খেলেনি। এখনকার কোচ লুইস এনরিকেও তো আগে রিয়ালে খেলেছেন, পরে বার্সা।
সমস্যা অন্যখানে। মাদ্রিদের জয়গান গাওয়ার পাশাপাশি কাতালুনিয়া চেতনার ধারক বার্সাকে উদ্দেশ করে কুৎসিত একটা কথাও লিখেছিলেন। যেটার ভদ্রস্থ বাংলা হতে পারে, ‘জাহান্নামে যাক কাতালুনিয়া’। দুই বছর আগের এই টুইট আবার প্রকাশ্যে চলে আসায় বার্সায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন ভেঙে গেল মাত্র কয়েক ঘণ্টায়।
পুরোনো পাপের প্রায়শ্চিত্ত এভাবে করতে হবে, ভাবতেই পারেননি সার্জি, ‘জানি একটা ভুল করেছি। কাতালুনিয়া ও বার্সেলোনার কাছে ক্ষমা চাইছি। সিদ্ধান্তটা বুঝতে পারছি। আমি হলেও তা-ই করতাম।’
তবে তাঁর দাবি, টুইটটা নিজে করেনি। তাঁর কাছ থেকে ফোন নিয়ে করেছিল এক বন্ধু, ‘পরিষ্কার করতে চাই বিষয়টা। আমি ওসব লিখিনি। এক বন্ধু আমার ফোন নিয়েছিল। ও করেছে এসব। এটা একটা ভুল বোঝাবুঝি। ২০১৩-এ করা ওই টুইটগুলো ছিল আসলে আমার এক বন্ধুর রসিকতা। টুইটগুলো যে এখনো আছে, সেটাই জানতাম না।’
স্বপ্নভঙ্গের যাতনা ভালোই টের পাচ্ছেন ২৪ বছর বয়সী সার্জি। বার্সায় এসেছিলেন আনন্দে, ঘরে ফিরছেন বিষাদ নিয়ে, ‘যে দল ভালো করবে, পেশাদার ফুটবলার হিসেবে তাকে আপনি সমর্থন করবেন। সে দলটাই ছিল বার্সা। স্বপ্ন থাকে এ রকম দলের সঙ্গে যুক্ত হওয়া। সে স্বপ্নটা এখন ভেঙে গেছে। বার্সা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তাদের সিদ্ধান্ত বুঝতে পেরেছি। এখন বাড়ি যাচ্ছি। দেখা যাক কী হয়। আমি এসেছি মায়োর্কা থেকে। কাতালান কিংবা অন্য কোনো দলের বিরোধী নই। আমি ওগুলো লিখিনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে আলটপকা মন্তব্য করার ‘অপরাধে’ ক্লাবের চুক্তি বাতিলের ঘটনা এই প্রথম নয়। গেল জুলাইয়ে তরুণ তারকা হুলিও রের সঙ্গে একই কারণে চুক্তি বাতিল করেছিল দেপোর্তিভো। তবে এর থেকে একটা শিক্ষাও নিতে পারেন আপনি। ফেসবুক-টুইটারে কী লিখছেন, জেনে বুঝে লিখছেন তো? মেইল অনলাইন।