দুই বছরেই রং হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জার্মানদের। ছবি: এএফপি।
পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জার্মানদের। ছবি: এএফপি।

গত বিশ্বকাপে কী আলোটাই না ছড়াল জার্মানি। কী রং বাহারি ফুটবলটাই না খেলল তারা! ব্রাজিলকে তাদেরই মাটিতে ৭-১ গোলের লজ্জা দেওয়া তো ফুটবল ইতিহাসেই জায়গা করে নিয়েছে। এরপর ফাইনালে আর্জেন্টিনাকেও কাঁদিয়েছে, জিতে নিয়েছে বিশ্বকাপ। কিন্তু এরপর থেকেই যেন জার্মানির রং হারানোর শুরু। র‍্যাঙ্কিংয়েও পতনের ছাপ। এবারের ইউরোতেও জার্মানি দুই ম্যাচ শেষেও স্বস্তিতে নেই। এমনকি এভাবে খেলতে থাকলে দল বাদ পড়বে বলে স্বীকার করছেন দলের খেলোয়াড়েরাই!

কাল পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করল জার্মানি। গ্রুপ ‘সি’-এর পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে তারা। তবে পোল্যান্ডেরও পয়েন্ট ৪, কাল দুর্দান্ত জয় তুলে নেওয়া উত্তর আয়ারল্যান্ডও থাকতে দিচ্ছে না স্বস্তিতে। নবাগত এই দলটিরও পয়েন্ট যে ৩। জার্মানি কাল কপালগুণে ড্র করেছে। আর্কাদিউজত্ মিলিক দুটি পরিষ্কার সুযোগের একটিও কাজে লাগাতে পারলে জার্মানি হেরেই বসত।


প্রথম ম্যাচের পর এই ম্যাচেও জার্মানির মূল সমস্যা মনে হয়েছে আক্রমণভাগ। মাঝমাঠ থালায় খাবার তুলে দিলেও অ্যাটাকিং থার্ড সেটা মুখে পুরতে পারছে না। প্রশ্ন উঠেছে, গত বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিও গোটশেকে ‘ফলস নাইন’ হিসেবে খেলিয়ে কি ভুলই করছে কোজ জোয়াকিম লো?

লো সরাসরি কারও নাম না বললেও স্বীকার করলেন, আক্রমণটাই তাঁর দলের মূল দুশ্চিন্তা, ‘আক্রমণে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারছি না। পুরো ম্যাচে অ্যাটাকিং থার্ডে গিয়ে আমাদের খেলাটা সেই দ্রুততা পাচ্ছে না। আমরা গতি তুলতে পারিনি, আক্রমণে ছন্দপতন হয়েছে, আর সেই সুযোগে পোল্যান্ডের নয়-দশজন খেলোয়াড় ঢুকে পড়েছে। জার্মানির কাছে এটা আমি প্রত্যাশা করিনি। আমরা আমাদের খেলার ধরন আরোপ করতে পারছি না মাঠে।’

শুধু গোটশের ওপর দায় চাপালে হবে না। টুর্নামেন্ট হলেই যে টমাস মুলার অবিশ্বাস্য গোলমেশিন হয়ে ওঠেন, তিনিও যেন ছায়া হয়ে আছেন। প্রশ্ন উঠেছে মেসুত ওজিলের ফর্ম নিয়েও। তবে লো সুনির্দিষ্ট কারও ওপর আঙুল তোলার লোক নন, ‘ওদের নিয়ে আমি উদ্বিগ্ন নই। দুই খেলোয়াড়ই যেকোনো সময় ম্যাচে ইতিবাচক কিছু করে দেখানোর সামর্থ্য রাখে। হয়তো তারা দুজনই তাদের সেরা সুযোগ আর ভাগ্যের দেখা পাচ্ছে না। তবে এটা বদলাবেই।’

আর সেটা না বদলালে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে বলে সতর্ক করেছেন জেরোম বোয়াটেং। জার্মানির বায়ার্ন ডিফেন্ডার বলেছেন, ‘আক্রমণে একের-মুখে-এক পরিস্থিতিগুলোর ফায়দা আমরা নিতে পারিনি। আক্রমণে গতিশীলতার অভাব ছিল। গোলমুখে আরও বেশি শট নিতে হতো আমাদের। পরিস্থিতির উন্নতি না হলে আমরা বেশি দূর যেতে পারব না।'