দুই বছরেই সিংহাসনে নেইমার

একজন আর এগারো দিন পর ৩২তম জন্মদিনের কেক কাটবেন। আরেকজনের ৩০ হতে বাকি আর মাস সাতেক। ফুটবলপ্রেমীরা এখনই দীর্ঘশ্বাস ফেলতে পারেন এই ভেবে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ধীরে ধীরে ক্যারিয়ারের গোধূলিতে পা দিচ্ছেন!
মন খারাপ হওয়ার মতো তথ্য, তবে প্রকৃতির নিয়ম মেনে ফুটবলও শূন্যস্থান পছন্দ করে না। আর্জেন্টাইন ও পর্তুগিজ দুই তারকার পর ফুটবলে সব আলো কেউ না কেউ কেড়ে নেবেন। সেটি কে হবেন? কারও চোখে তা নেইমার, কারও মুখে আঁতোয়ান গ্রিজমানের নাম, কেউ বা ওই উচ্চতায় দেখছেন গ্যারেথ বেলকে। লুই ফেলিপে স্কলারি এঁদের মধ্যে প্রথম দলে। কোচিং ক্যারিয়ারে এই ব্রাজিলিয়ানের ৩৫ বছরের অভিজ্ঞ চোখজোড়া যেন দিব্যদৃষ্টিতে দেখছে, দুই বছরের মধ্যেই মেসি-রোনালদোকে সিংহাসনচ্যুত করছেন নেইমার।
‘রোনালদো ও মেসি সব সময়ই প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। সমানে-সমান লড়েছে বিশ্বের সেরা খেলোয়াড়ের পদকের জন্য। তবে আর দুই বছর যাক, আমি নেইমারকেও ওদের দুজনের পর্যায়ে রাখব’—স্প্যানিশ মিডিয়া এজেন্সি এফেকে বলেছেন বর্তমানে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের কোচ স্কলারি। এরই মধ্যে নাকি মেসি-রোনালদোর ‘দ্বৈতাধিপত্য’ ভাঙতে শুরু করে দিয়েছেন নেইমার, ‘সত্যি বলতে, ও সম্ভবত এরই মধ্যে ওদের দুজনের (মেসি-রোনালদো) একজনকে সিংহাসন থেকে ছিটকে ফেলে দিতে শুরু করেছে।’

তাঁর ৩৫ বছরের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় মুকুট—২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো। দুবছর আগে ঘরের মাটির বিশ্বকাপেও নেইমারদের কোচ ছিলেন ‘বিগ ফিল’। কোচ ছিলেন পর্তুগালেরও। এর বাইরে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়ায়...কোথায় কোচিং করাননি স্কলারি! কিন্তু এত এত দলে এত খেলোয়াড়দের ভিড়েও নেইমার হয়ে আছেন আলাদা, ‘আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, এমন খেলোয়াড়দের মধ্যে ও-ই সেরা।’
তবে নেইমারের বার্সেলোনা নয়, সুযোগ পেলে রিয়াল মাদ্রিদের কোচই হতে চাইতেন ব্রাজিলিয়ানদের প্রিয় ফেলিপাও, ‘এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদই আমার স্টাইলের ফুটবল বেশি খেলছে। লুইস এনরিকে সুন্দর ফুটবল খেলতে পছন্দ করেন, কিন্তু লুইস সুয়ারেজ আসার পর কাতালানদের খেলার ধরন অনেক বদলে গেছে।’ প্রশংসা পাচ্ছেন রিয়ালের প্রাণভোমরাও, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছে, কারণ সেটি হওয়ার চেষ্টা করেছে। ও সেটির জন্য অনুশীলন করে। অনুশীলনে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ও-ই সবচেয়ে বেশি পরিশ্রম করে। ও নিজেকে উজাড় করে দেয়, মেসি তা করে না।’
তা বর্তমানের সেরা নয়, তাঁর অধীনে খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সেরা কারা? এখানে অবশ্য স্কলারির মনে শুধু জায়গা পাচ্ছেন ব্রাজিলিয়ানরাই, ‘রিভালদো, রোনালদো, রোনালদিনহো। রবার্তো কার্লোসও থাকবে।’ মার্কা।