
মাত্রই প্রথমার্ধের বাঁশি বেজেছে। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ইংল্যান্ড। লেঁসের স্তাদিও ভিয়া দেল মারেতে ‘গড সেভ দ্য কুইন’ স্লোগান তখন কিছুটা স্তিমিত। হ্যারি কেন ও রাহিম স্টার্লিংকে উঠিয়ে রয় হজসন নামালেন জেমি ভার্ডি ও ড্যানিয়েল স্টারিজকে। কে জানত, ৪৫ মিনিট পরে এই দুজনের গোলেই ইংল্যান্ড দুর্দান্ত এক জয় পাবে! ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরোতে নিজেদের প্রথম জয়। বড় কোনো আসরে প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকার পর ইংল্যান্ডের প্রথম জয়। পরে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরোর অভিষেকে নিজেদের প্রথম জয় পেয়েছে উত্তর আয়ারল্যান্ড। ৪৯ মিনিটে গ্যারেথ ম্যাকঅলির গোলের পর যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়েছেন নিল ম্যাকগিন।
অথচ প্রথম ৪৫ মিনিটেই ইংল্যান্ডের জয়টাকে মনে হচ্ছিল অনেক দূরে মিলিয়ে যাওয়া স্বপ্ন। বল নিজেদের কাছে রাখতে পারলেও আক্রমণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল ইংল্যান্ড। স্টার্লিং সহজ একটা সুযোগ নষ্ট না করলে ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারত রয় হজসনের দল। উল্টো ৪২ মিনিটে ইংলিশদের হতভম্ব করে ফ্রি-কিক থেকে গোল করে ওয়েলসকে এগিয়ে দেন গ্যারেথ বেল।
তবে গোলের পেছনে বেলের কৃতিত্ব যতটা, জো হার্টের ‘অবদানও’ তার চেয়ে কম কিছু নয়। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের শটটা হাতেও লাগিয়েছিলেন ইংলিশ গোলরক্ষক। কিন্তু বলটা তাঁর হাতে লেগেই ঢুকে যায় জালে। ১৯৮৪ সালে মার্ক হিউজের পর ওয়েলসের হয়ে এই প্রথম কেউ ইংল্যান্ডের বিপক্ষে গোল পেলেন।
ম্যাচটি না জিততে পারলে নকআউট পর্বে ওঠাটা অনিশ্চিত হয়ে পড়বে। উদ্বিগ্ন ইংল্যান্ড কোচ হজসন দ্বিতীয়ার্ধে নামিয়ে দিলেন জেমি ভার্ডি ও ড্যানিয়েল স্টারিজকে। আর তাতেই ভাগ্য বদলে গেল ইংল্যান্ডের। একের পর এক আক্রমণের ধারায় ইংল্যান্ড গোল পেল ৫৬ মিনিটে। স্টারিজের ক্রস ওয়েলস ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামসের মাথায় লেগে চলে যায় ভার্ডির কাছে। লেস্টার সিটির রূপকথার নায়ক বলটা জালে জড়িয়ে দিতে ভুল করেননি।
কিন্তু জয়সূচক গোলটা বের করতে পারছিল না ইংল্যান্ড। মনে হচ্ছিল, ড্র-ই লেখা আছে ম্যাচের ভাগ্যে। শেষ মুহূর্তে ওয়েলসকে পরাজয়ের বিষাদে ডুবিয়ে দিলেন স্টারিজ! ভার্ডির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর ঢুকে পড়লেন লিভারপুল স্ট্রাইকার। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই ড্যালি আলির পাস থেকে ডান পায়ের শটে বল জড়িয়ে দিলেন জালে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এই প্রথম যোগ করা সময়ের গোলে জিতল ইংল্যান্ড।
আজকের খেলা
ইতালি-সুইডেন
চেক প্রজাতন্ত্র-ক্রোয়েশিয়া
স্পেন-তুরস্ক