দুই বন্ধুর জাদুতে বাংলাদেশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের বাইরে দুই বন্ধু জাফর ইকবাল ও আবু সুফিয়ান সুফিল। ছবি: সংগৃহীত
মাঠের বাইরে দুই বন্ধু জাফর ইকবাল ও আবু সুফিয়ান সুফিল। ছবি: সংগৃহীত
>
  • আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের বিপক্ষে ২-২ গোলে ড্র বাংলাদেশের
  • একটি করে গোল করেছেন জাফর ও সুফিল
  • ভিয়েনতিয়েনে হয়েছে ম্যাচটি

আবু সুফিয়ান সুফিলের বাড়ি মৌলভীবাজারে, আর জাফর ইকবালের বান্দরবন। কিন্তু ফুটবল তাঁদের মিলিয়ে দিয়েছে একবিন্দুতে। তৃতীয় বিভাগ ফুটবলে দিলকুশা ক্লাবে একসঙ্গে খেলা। পরে দুই বন্ধু একসঙ্গে খেলেছেন আরামবাগে। আরও পরে ক্লাব বদল হলেও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বে একটুও মরিচা ধরেনি। দুই বন্ধু আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ত্রাতা হয়ে উদ্ধার করলেন বাংলাদেশকে। তাঁদের দুই গোলেই ২-২ ড্র নিয়ে লাওসের বিপক্ষে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ভুটান ট্র্যাজেডির পর প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে যখন চেষ্টা চলছে, তখন প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই অন্য ছবি-দুই বন্ধুর সৌজন্যে বাংলাদেশ ফিরে এল দুর্দান্তভাবে। জাফর প্রথম একাদশে নামলেও সুফিল নেমেছিলেন বদলি হিসেবে।

৮১ মিনিটে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। আর একটি হারের দিকে এগিয়ে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু নাটকীয় দৃশ্যগুলো তো তখনো বাকি। ৮২ মিনিটে জটলার মধ্যে থেকে ২-১ করেছেন জাফর। শুধু গোলটি করে বাংলাদেশকে সমতায় ফেরাননি তিনি। পুরো ম্যাচে খেলেছেনও দুর্দান্ত। ২-১ স্কোর নিয়েই শেষের দিকে এগোচ্ছিল ম্যাচটি। তখনই দৃশ্যপটে এলেন জাফরের বন্ধু সুফিল। ৯২ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে জড়িয়ে দিলেন জালে। উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশ ডাগআউটে। ভিয়েনতিয়েনের এ দৃশ্যটা মনে করিয়ে দিল ছয় মাস আগের সেই থিম্পুর রোমাঞ্চের কথা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের সেই রোমাঞ্চের কথা মনে আছে? অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে প্রথমার্ধে বাংলাদেশের জালে তিন গোল দিল ভারত। দ্বিতীয়ার্ধে ভারতের জালে গুনে গুনে চার গোল ফেরত দিয়ে ম্যাচ জিতে বাংলাদেশ মাঠ ছাড়ে। সেদিনও জোড়া গোল করেছিলেন জাফর ও একটি গোল করেছিলেন সুফিল।
ছয় মাসের ব্যবধানে থিম্পুর জায়গায় ভিয়েনতিয়েন। আর অনূর্ধ্ব-১৮ সাফের জায়গায় জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মানের বিচারে আকাশ-পাতাল পার্থক্য। কিন্তু চাংলিমিথাংয়ের রোমাঞ্চকর স্মৃতি ফিরিয়ে আনলেন সেই দুই তরুণ তুর্কি জাফর ও সুফিল। এঁদের মধ্য আজই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে সুফিলের। আর জাফরের ঝুলিতে যোগ হলো মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পুঁজি। দুই তরুণ তুর্কিতে বাংলাদেশের প্রত্যাবর্তনও হলো মনে রাখার মতো।
হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। ভুটানের বিপক্ষে হারের প্রায় ১৭ মাস পর জয় দিয়ে হয়তো প্রত্যাবর্তন হয়নি বাংলাদেশের। আজ যেভাবে বাংলাদেশ দল জেগে উঠেছে, জয় পেতে কতক্ষণ?