দুই বাংলাদেশির প্রতিপক্ষ দুই বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। সৌজন্য ছবি
শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। সৌজন্য ছবি

আবাহনী লিমিটেড সর্বাধিক পাঁচবার, শেখ জামাল ধানমন্ডি তিন এবং একবার শেখ রাসেল ক্রীড়া চক্র। কাগজে-কলমে বাংলাদেশের ফুটবল পেশাদার জগতে পা রাখার পরে শেষ নয় বছরে এই হলো শিরোপার খেরোখাতা। অঙ্কের খাতা বলছে, তিন ক্লাবের মধ্যে সীমাবদ্ধ আছে শিরোপা উল্লাস। তবে দশম আসরে এসে পাওয়া যাচ্ছে চেহারা বদলের আভাস। এই তিন ঘোড়ার রেস ভেঙে দিয়েছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব ও শেষ আসর থেকে নতুনে সাড়া জাগানো চট্টগ্রাম আবাহনী। নতুন এই দুই শক্তির আগমন ও শেখ রাসেলের ব্যর্থতায় চলতি লিগ পরিণত হয়েছে চার ঘোড়ার রেসে। এক কথায় ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে উন্মুক্ত এক লড়াইয়ের আবহ।

যেখানে বাংলাদেশি কোচ সাইফুল বারি টিটুর প্রতিপক্ষ হিসেবে ছিলেন তিন বিদেশি—নাইজেরিয়ান জোসেফ আপুসি, ইংলিশ রায়ান নর্থ মোরে ও সার্বিয়ান দ্রাগো মামিচ। এখন আপুসির স্থলে মাহবুব হোসেন রক্সি শেখ জামালের দায়িত্ব নেওয়ায় দুই বাংলাদেশির প্রতিপক্ষ দুই বিদেশি। শেষ পর্যন্ত মস্তিষ্কের লড়াইয়ে এগিয়ে থাকবে কে?

লিগের পয়েন্ট টেবিলে এক দলের সঙ্গে আরেক দলের গায়ে গা লাগানো। যেখানে ২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বাংলাদেশি কোচ টিটুর চট্টগ্রাম আবাহনী। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি। ২৫ নিয়ে তৃতীয় স্থানে ইংলিশ কোচ রায়ান নর্থ মোরের সাইফ স্পোর্টিং। চতুর্থ দলটি সার্বিয়ান দ্রাগো মামিচের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড (ঢাকা)।

দ্বিতীয় পর্বের শুরুটা হলো তাই সাইফ স্পোর্টিং বনাম আবাহনী লিমিটেডের ম্যাচে উত্তাপ ছড়িয়ে। সাইফের বিপক্ষে হেরে বেশ বেকায়দায় পড়ে গেছে বলে স্বীকার করলেন দ্রাগো মামিচ, ‘লিগ এখনো অনেক বাকি। অনেক কিছুই হতে পারে। কিন্তু শিরোপা রেসে থাকা দল সাইফের বিপক্ষে হেরে বেশি সমস্যা হলো। কারণ, আমাদের পয়েন্ট কেটে তারা এগিয়ে গেল।’ ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু হয়েছিল আবাহনীর নতুন মৌসুম। কিন্তু লিগে ক্রমেই প্রতিযোগিতায় পিছিয়ে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সেদিক থেকে ইংলিশ কোচ কিম গ্রান্টের হাত ধরে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিল সাইফ। তবে দ্বিতীয় পর্বে তাঁর স্থলে বসানো হয়েছে তাঁরই সহকারী আরেক ইংলিশ নর্থ মোরেকে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের উত্তাপটা নাকি শুরু থেকেই টের পাচ্ছেন নর্থ মোরে, ‘কাউকে বিশেষভাবে প্রতিদ্বন্দ্বী ভাবছি না। তবে পরিষ্কারভাবে শিরোপার লড়াইয়ে এখন আমরাসহ চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ও আবাহনী লিমিটেড। এখন পয়েন্ট হারালে আর ফিরে আসা কঠিন।’

সাইফের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা শেখ জামাল দ্বিতীয় পর্বের শুরুতেই কোচ নিয়ে বিপাকে পড়েছে। হঠাৎ করেই তাদের নাইজেরিয়ান কোচ জোসেফ আপুসি পদত্যাগ করায় সেখানে নেওয়া হয়েছে জাতীয় যুব দলের কোচ মাহবুব হোসেন রক্সিকে। ফেডারেশন থেকে ছাড়পত্র পেলে আজই ধানমন্ডির দলটির দায়িত্ব নেওয়ার কথা তাঁর।

সবাইকে ছাপিয়ে সবার ওপরে আছেন বাংলাদেশি টিটু। অথচ মৌসুমের শুরুতে টিটুর চট্টগ্রাম আবাহনীকে শিরোপা রেসে গোনায় ধরেনি কেউই। মূলত প্রতিটি ম্যাচের ওপর ফোকাস করে আলাদা ট্যাকটিকসই এগিয়ে নিয়েছে দলটিকে। ইতিমধ্যে লিগের ১২ ম্যাচে ৪-৩-৩, ৪-২-৩-১ ও ৫-৩-২—এই তিনটি ফরমেশন ব্যবহার করে সফল হয়েছেন তিনি। সফল এই কোচ এখন পর্যন্ত লিগটিকে উন্মুক্ত ভাবছেন, ‘চারটি দল রেসে আছে। লিগটা পুরোপুরি উন্মুক্ত। কাউকে বিশেষভাবে প্রতিপক্ষ ভাবছি না।’

সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে বিদেশি কোচদের হিড়িক পড়ে গিয়েছে; যাঁদের পেছনে ফেলে এখন পর্যন্ত সবার ওপরে আছেন বাংলাদেশি এক কোচ। বিষয়টি বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গলই বটে।