
সনি নর্দেকে দেখার অপেক্ষায় ছিলেন ঢাকার দর্শকেরা। কিন্তু হাইতিয়ান প্লেমেকারকে ছাড়াই পরশু রাতে ঢাকায় আসতে হয়েছে মোহনবাগানকে। পাসপোর্টে পর্যাপ্ত পাতা না থাকায় বাংলাদেশের ভিসা পাননি নর্দে। নর্দে না আসায় একটু কি শক্তি হারাল মোহনবাগান?
বাকি তিন বিদেশির মধ্যে জাপানি ফরোয়ার্ড কাতসুমি ও ড্যারেল ডাফি এসেছেন। অর্থাৎ পুরো শক্তির দল নিয়ে আসেনি মোহনবাগান। কিন্তু সবুজমেরুণ কোচ সঞ্জয় সেন কাল বাফুফের ভবনে সংবাদ সম্মেলনে প্রথমেই বলে দিলেন, ‘নাম দিয়ে ফুটবল খেলা হয় না।’
যুক্তিও আছে তাঁর। নর্দে-ডাফিকে ছাড়াই বেঙ্গালুরু এএফসিকে হারিয়েছেন। সেই আত্মবিশ্বাসেই আজ ঢাকা আবাহনীকে হারাতে চান। তাই একনিশ্বাসে এডওয়ার্ড, ডাফি, বলবন্ত, জে জে লালপেখুলা, দেবজিৎদের নামগুলো বলে যান। এই খেলোয়াড়সহ সবাই মোহনবাগানের কাছে গুরুত্বপূর্ণ, মনে করিয়ে দেন সেটিও। তারপর ফুটবলের চিরন্তন সেই বাণীই উচ্চারণ করেন, ‘আমরা কতটা স্ট্রং টিম নিয়ে এসেছি তারচেয়ে গুরুত্বপূর্ণ কতটা ভালো ফুটবল আমরা খেললাম। যে ছেলেরা এখানে এসেছে সবাই ভালো খেলার চেষ্টা করবে।’
কিন্তু মোহনবাগানের জন্য কাজটা কি কঠিন করে দিতে চাইবে না আবাহনী? তারা খেলবে ঘরের মাঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আয়োজক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে মোহনবাগান নিজেদের মাঠে জিতেছে আবাহনীর বিপক্ষে। আগে গোল খেয়েও তিন গোল করেছে। আজ কি তাহলে আবাহনীর জয়ের পালা?
সময়ই বলবে। তবে ঘটনা হলো, দুই দলই বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। পাঁচ ম্যাচে আবাহনীর পয়েন্ট মাত্র ৩, মোহনবাগানের ৬। পরের পর্বে গেলেও মোহনবাগানের পক্ষে নাকি খেলা সম্ভব ছিল না। খেলোয়াড়দের সঙ্গে তাদের চুক্তি শেষ আজ।
সে হিসাবে এই ম্যাচ থেকে কিছু পাওয়ার নেই দুই দলের। তবে সব ছাপিয়ে আজ রাত পৌনে আটটায় শুরু ম্যাচটি আসলে দুই বাংলার মর্যাদার লড়াই। দুই বাংলার এমন লড়াই আসে কালে-ভদ্রে। মোহনবাগান শেষবার ঢাকায় এসেছে ১৯৯৯ সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে মুক্তিযোদ্ধার সঙ্গে খেলতে (মিরপুর স্টেডিয়ামে ০–০)। বাংলাদেশের মাটিতে দলটি শেষবার আবাহনীর মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালে ফেনীতে আজমেরি বেগম টুর্নামেন্টে। আবাহনীর সেদিনের অধিনায়ক এবং বর্তমান ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু পেছনে তাকালেন কাল, ‘সেই ফাইনালে আমরা ওদের হারিয়ে দিয়েছিলাম। দারুণ ম্যাচ হয়েছিল।’
আজও একটা জয়ের তৃষ্ণায় তাকিয়ে আবাহনী কোচ দ্রাগো মাচিচ, ‘আমাদের অবশ্যই জয়ের সুযোগ আছে। এবং আমরা নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জিততে চেষ্টা করব।’ গুরুত্বহীন এমন ম্যাচ আসলে কতটা উজ্জীবিত করে খেলোয়াড়দের? ‘যেখানে পাওয়ার থাকে না, সেখানে উজ্জীবনী মন্ত্র হয় দেশের সম্মান, দলের সম্মান। প্রতিপক্ষকে সম্মান দিয়ে আমরা চেষ্টা করব জেতার’—বলেছেন সঞ্জয় সেন।
এই ম্যাচ দিয়েই মৌসুম শেষ করবে মোহনবাগান। লিগ ও টুর্নামেন্ট মিলিয়ে ৩৩টি ম্যাচ খেলেছে দলটি। ফেডারেশন কাপে দুটি, লিগে একটি এবং এএফসি কাপে তিনটি ম্যাচ হেরেছে। আই লিগে রানার্সআপ, ফেডারেশন কাপেও তা-ই। মোটের ওপর ভালোই। তবে ট্রফি না পাওয়ায় একটা অব্যক্ত বেদনা লক্ষ করা গেল মোহনবাগান কোচের চোখেমুখে।
সংবাদ সম্মেলনে তাঁর পাশে বসে লম্বা চুলের কাতসুমিও বলে গেলেন, ‘জয় দিয়েই ইতি টানতে চাই আমরা।’ নর্দে না এলেও মোহনবাগানের আক্রমণভাগ অনেক শক্তিশালী। জে জে একাই কাঁপিয়ে দিতে পারেন। দুই দলের প্রথম ম্যাচের আবহ সংগীত ছিল, সনিদের রুখতে পারবে আবাহনীর রক্ষণ?
সনি না থাকায় আজ অবশ্য অতটা চাপে নেই মাত্রই নতুন মৌসুম শুরু করা আবাহনী।