দুই ভাই যখন ভিন্ন দলে

ইয়েও পগবা কাল রাতে নিশ্চিত মহা ঝামেলায় পড়েছিলেন। মায়ের হৃদয়—তাতে দুই সন্তান তো দুই অলিন্দের মতো। সেই সন্তানেরাই যদি হন মুখোমুখি, মা আর কীভাবে কোনো একটি পক্ষ বেছে নেন?
নামে ‘পগবা’ দেখেই বুঝতে পারছেন, ইনি পল পগবার মা। কাল রাতে তাঁর ‘ঝামেলা’য় পড়ার কারণ, দুই সন্তান পল ও ফ্লোরেন্তিন পগবা মুখোমুখি হয়েছিলেন ফুটবল মাঠে। ইউরোপা লিগের শেষ ৩২-এর প্রথম লেগে পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলেছে ফ্লোরেন্তিনের দল সেঁত এতিয়েন।
তাঁদের অবশ্য আরেক ফুটবলার ভাইও আছেন—ম্যাথাইয়াস। তুলনায় একটু অখ্যাতই, খেলেন ডাচ লিগের পুঁচকে দল স্পার্টা রটারডামে। দেশের জার্সিতেও পার্থক্য আছে ভাইদের মধ্যে—পল খেলেন ফ্রান্সে, ফ্লোরেন্তিন ও ম্যাথাইয়াস খেলেন বাবা-মায়ের জন্মভূমি গিনির জার্সি গায়ে।
ভিন্ন ভিন্ন ক্লাবে এমন দুই ভাইয়ের গল্প কম দেখেনি ফুটবল। এই সময়েই দেখুন—দুই হ্যাজার্ড, দুই তোরে, দুই বোয়াটেং...ভাইদের গল্প। তবে বর্তমানের গণ্ডি ছাপিয়ে অতীতে উঁকি মেরে দেখা যাক, এমন ভিন্ন ক্লাবে খেলা ভাইয়েরা কেমন করেছেন। প্রসঙ্গত, ভিন্ন ক্লাবে খেলার কথা বিবেচনা করায় দুই নেভিল ভাই—ফিল ও গ্যারি এবং দুই ডি বোর—ফ্র্যাঙ্ক ও রোনাল্ড ভাইয়েরা বাদ পড়েছেন হিসাব থেকে।
ইনজাগি ভাইদের দিয়েই শুরু করা যাক। এসি মিলান ও ইতালির হয়ে দুর্দান্ত স্কোরিং রেকর্ডের জন্য ফিলিপ্পো ইনজাগিকে কে না চেনেন? রোনালদো-মেসি-রাউলরা তাঁকে পেরিয়ে যাওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। তবে তাঁর ছোট ভাই সিমোনে ইনজাগিও ক্যারিয়ার শুরুর দিকে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। ২৩ বছর বয়সেই লাৎসিওতে যোগ দেন, চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে এক ম্যাচে ৪ গোলও করেছিলেন। কিন্তু এরপর এমনই পতন, ১৪ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে লিগে খেলেছেন মাত্র ২৪০টি ম্যাচ।
বড় ভাইয়ের ছায়ায় ছোট ভাইয়ের ঢাকা পড়ার আরেকটি উদাহরণও আছে ইতালিতে—দুই ক্যানাভারো। ঘরোয়া লিগ, ইউরোপিয়ান শিরোপা থেকে বিশ্বকাপ...কী জেতেননি ফাবিও ক্যানাভারো! ২০০৬ সালে ফিফা বর্ষসেরাও হয়েছিলেন। এসবের তুলনায় ছোট ভাই পাওলো ক্যানাভারো অখ্যাতই। যদিও ক্যারিয়ারটা একেবারেও খারাপ নয়, আট বছর নাপোলির রক্ষণে নিয়মিত খেলেছেন পাওলো। ৩৩ বছর বয়সী ইতালিয়ানের বর্তমান ঠিকানা সাসসুয়োলো।
তবে ইতালিতেই আরেক বিখ্যাত ‘জোড়া’ আছেন। দুই বারেসি! ‘দ্বন্দ্ব’টা এই দুজনেরই সবচেয়ে বেশি ছিল—বড় ভাই জিউসেপ্পে বারেসি ইন্টার মিলান কিংবদন্তি, ছোট ভাই ফ্রাঙ্কো কিংবদন্তির মর্যাদা নিয়ে আছেন ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ এসি মিলানে। তবে দুজনই গ্রেট হলেও তুলনায় ফ্রাঙ্কোই এগিয়ে। এমনই যে বড় ভাই জিউসেপ্পেকে ‘বারেসিদের অন্যজন’ পরিচয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশ্য দুজন খেলতে পারতেন একই ক্লাবের হয়েও। কিন্তু ইন্টারই বেগড়বাই করেছে। যুব প্রকল্পে ‘রিজেক্ট’ করেছিল ফ্রাঙ্কো বারেসিকে। তারপরই তিনি যোগ দেন মিলানে। বাকিটা ইতিহাস!
প্রায় একই গল্প ইংল্যান্ডে চার্লটন ভাইদের। দুজনই কিংবদন্তি। ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলটিতেও ছিলেন দুজনই। কিন্তু সত্যি বলতে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটনের পাশে বড় ভাই জ্যাক অনেকটাই অচেনা। পুরো ক্যারিয়ারই লিডস ইউনাইটেডে কাটিয়েছেন জ্যাক, একবার লিগ শিরোপাও জিতেছেন। তবে ববি চার্লটনের তিন লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ, আর মিউনিখের সেই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর ইউনাইটেডকে আবার ধ্বংসস্তূপ থেকে ওঠানোর কৃতিত্বের সামনে জ্যাকের অর্জন সামান্যই।
তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রাইয়ের দুঃখের সামনে জ্যাকের দুঃখও নস্যি। ১৯৯৪ বিশ্বকাপ জিতেছেন, সাও পাওলোর হয়ে পাঁচবার ব্রাজিলিয়ান লিগ ও পিএসজির হয়ে একবার ফ্রেঞ্চ লিগও জিতেছেন। তবু দুঃখ কেন? বড় ভাইয়ের নাম যে সক্রেটিস! যিনি কখনো বিশ্বকাপ জেতেননি, ক্লাব ফুটবলেও ব্রাজিলের বোটাফোগো ও করিন্থিয়ানসের তেমন অর্জন নেই। তবু সৃষ্টিশীলতা আর স্টাইল দিয়ে ফুটবল ইতিহাসে এমন অমোচনীয় কালিতে নিজের নামটা লিখে রেখেছেন সক্রেটিস, ছোট ভাই রাই এত এত শিরোপা জিতেও তাঁর কাছে যেতে পারেননি।
এভারটন কোচ রোনাল্ড কোম্যানের ছায়ায় যেমন ঢাকা পড়েছেন বড় ভাই আরউইন কোম্যান। আয়াক্সের পর বার্সেলোনায় আলো ছড়িয়েছেন ডাচ কিংবদন্তি রোনাল্ড। বড় ভাই আরউইনের ক্যারিয়ারটাও মন্দ নয়। পিএসভি, গ্রোনিংগেন ও মেকেলেনের হয়ে সাতবার লিগ জিতেছেন। তবে তাঁর চেয়েও বড় কৃতিত্ব, ছিলেন ১৯৮৮ ইউরোজয়ী হল্যান্ড দলেও। তবু কোম্যান বললে একটি নামই হয়তো মনে পড়বে আগে—রোনাল্ড কোম্যান। স্পোর্টস স্টার।