দুই মাদ্রিদের দুরকম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই কার্লো আনচেলত্তি সটান সেটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ‘কই, না তো। আমি তো এ রকম কিছু শুনিনি।’ রিয়াল মাদ্রিদ কোচ স্বীকার করেননি, তবে দর্শকদের মৃদু দুয়োধ্বনি কিন্তু ম্যাচের পর বার্নাব্যুতে শোনা গিয়েছিল।
লিগের প্রথম ম্যাচে দল জিতেছে, তার পরও রিয়াল সমর্থকেরা অসন্তুষ্ট কেন? জবাবটা হচ্ছে দল জিতেছে বটে, কিন্তু সে জয়ে তাদের মন ভরেনি! কর্দোভার সঙ্গে ২-০ গোলের জয়টাকে কষ্টার্জিতই বলতে হবে। রিয়াল তো তাও জিতেছে, নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সেই ‘সৌভাগ্যও’ হয়নি। রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে চ্যাম্পিয়নরা।
সুপার কাপের দ্বিতীয় ফাইনাল হয়েছে মাত্র পাঁচ দিন আগে। সব মিলে গত এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে হয়েছে রিয়াল-অ্যাটলেটিকোকে। কিছুটা ক্লান্তি যে ভর করেছে, সেটি সরাসরিই বললেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘মঙ্গলবার ও শুক্রবার আমাদের রিয়ালের সঙ্গে খেলতে হয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধেই প্রভাবটা বোঝা যাচ্ছিল।’ আনচেলত্তিও আঙুল তুললেন টানা ম্যাচ খেলার ধকলের দিকে, ‘১২ আগস্ট থেকে প্রতি তিন দিনে আমাদের মাঠে নামতে হয়েছে। এ রকম টানা খেলা সহজ নয়। কিছুটা তো ক্লান্তি ছিলই।’
৪২ বছর পর লিগে ফিরে আসা কর্দোভাকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিলেন রিয়াল সমর্থকেরা। কিন্তু ছেড়ে কথা বলেনি নবাগত দলটি। বেনজেমার হেড থেকে করা গোলে পিছিয়ে পড়ার পর সমতাও এনে ফেলেছিল প্রায়। ৭০ মিনিটে জিসকোর করা গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
মন ভরাতে পারেনি বটে, রিয়াল জয় তো পেয়েছে। আনচেলত্তি এই ব্যাপারটাকেই দেখছেন বড় করে, ‘সংগ্রাম করতে হয়েছে বটে, আসল কথা হলো আমরা জয় দিয়ে মৌসুম শুরু করতে পেরেছি।’
আগের দিন লিওনেল মেসি জোড়া গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচে খালি হাতে ফিরে যাবেন, সেটা কি হয়? ম্যাচের শেষ দিকে তাই দারুণ এক শটে গোল করে রোনালদোও হাসিমুখেই মাঠ ছেড়েছেন। চার মাস পর পরশু গোলখরা কাটালেন বেনজেমা। আনচেলত্তি অবশ্য দাবি করছেন, ফ্রেঞ্চ স্ট্রাইকারকে নিয়ে উদ্বেগ ছিল না তাঁর, ‘গোল পাচ্ছিল না বটে, কিন্তু আমি করিমের ব্যাপারে সব সময় নিঃসংশয় ছিলাম।’
সিমিওনের তো সেই সান্ত্বনাও নেই। আট ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই অ্যাটলেটিকো কোচ ডাগআউটের বাইরে। পরশু দূর থেকেই দেখতে হয়েছে দলের হোঁচট। প্রথমার্ধে দলের নতুন স্ট্রাইকার মারিও মানজুকিচ অবশ্য দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি। সিমিওনে স্বীকার করলেন, ‘প্রথমার্ধে দল ভালো খেলেছে কিন্তু আমরা তিনটি সুযোগ পেয়েও গোল করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে রায়োই আমাদের চেয়ে ভালো খেলেছে।’ এএফপি, মার্কা, এএস।