দুই মাস পর এলেন ক্রুইফ
চুক্তিটা খণ্ডকালীন, তাই ‘প্রয়োজনের’ সময়ই শুধু লোডভিক ডি ক্রুইফকে নিয়ে আসে বাফুফে। খেলা না থাকলে বাংলাদেশ দলের কোচ হল্যান্ডে নিজের বাড়িতে থাকেন। সেখানে বসে ই-মেইল, ফেসবুকে নানা পরামর্শ দেন টিম ম্যানেজমেন্টকে। অনেকে রসিকতা করে বলেন, ‘ক্রুইফ এখন ই-মেইল আর ফেসবুক কোচ!’
তবে আপাতত সশরীরেই তাঁর উপস্থিতি ঘটেছে। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে দুই মাস পর গতকাল এসেছেন ঢাকায়। খুব সম্ভবত ২১ আগস্ট থেকে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবেন। যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ওই দিনই অস্ট্রেলিয়া সফরে রওনা দেবে বাংলাদেশ দল। পথে মালয়েশিয়ায় একটা প্রীতি ম্যাচ খেলে তারপর পার্থ।
এই সফরের জন্য ২৭ জন খেলোয়াড়কে ডাকা হচ্ছে ক্যাম্পে। ২৩ জন খেলোয়াড় হবেন দলের সঙ্গী। লিগের খেলা দেখেননি ক্রুইফ, কাজেই স্থানীয় কোচদের বাছাই করা একটা দল নিয়েই কাজ করবেন। সেই দলে আছেন সারা বছর বড় দলের বেঞ্চে কাটানো কয়েকজন খেলোয়াড়ও। অথচ সারা বছর সব ম্যাচ খেলে ভালো নৈপুণ্য দেখিয়েও অনেকেই উপেক্ষিত থাকছেন।
বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল এ প্রসঙ্গে বললেন, ‘কোচ তো সব খোঁজখবরই রাখেন।’ সেটি ফেসবুক আর ই-মেইল হলেও তাতে সমস্যা দেখেন না তাবিথ। বাফুফের আর্থিক সংকটের কারণে খণ্ডকালীন কোচ রাখারই পক্ষে তিনি, ‘ফেডারেশন এখন স্থায়ী কোনো চুক্তিতে যেতে পারবে না কোচের সঙ্গে। আমাদের সেই আর্থিক সংগতি আগে থাকতে হবে।’
কিন্তু এভাবে বিশ্বের কোথাও জাতীয় দল পরিচালিত হওয়ার বিশেষ নজির নেই। ফিফার নিষেধাজ্ঞার কারণে খণ্ডকালীন এই কোচকে তাজিকিস্তান ম্যাচের পর অস্ট্রেলিয়া ম্যাচেও বাংলাদেশ দলের ডাগ-আউটে পাওয়া যাবে না। ফিফাকে দিতে হবে সাড়ে আট হাজার সুইস ফ্রাঁ (ছয় হাজার সাতশ মার্কিন ডলার) জরিমানাও।