দুই মাস পেছাল ফেডারেশন কাপ
১৯ ডিসেম্বর, ২৯ জানুয়ারি, ১৫ ফেব্রুয়ারি। এগুলো কী?
ফেডারেশন কাপ ফুটবল শুরুর ভিন্ন তিনটি তারিখ। সবশেষটি গতকাল জানানো হয়েছে। আগের দুটি তারিখ বঙ্গবন্ধু কাপ ও ক্লাবগুলোর প্রস্তুতির অভাবকে কারণ দেখিয়ে পেছানো হয়েছিল। শেষটিও পেছাবে না সেই নিশ্চয়তা নেই। বাফুফের পেশাদার লিগ কমিটি কোনো সময়সূচি দিয়ে যে স্থির থাকতে অক্ষম।
ওই কমিটির সভা ডাকা মানেই ‘খেলা পেছানো’র রীতি হয়ে দাঁড়িয়েছে। কালকের সভায়ও হলো তা-ই। এই সভায় আবার আবাহনী, মোহামেডানের প্রতিনিধি ছিলেন না। তাঁদের অনুপস্থিতিতে সিদ্ধান্ত হওয়ায় নতুন কোনো ফ্যাঁকড়া বের হলে অবাক হওয়ার থাকবে না!
আরেকটা লক্ষণীয় দিক, ফেডারেশন কাপে খেলতে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নিবন্ধন করেছে শুধু উত্তর বারিধারা। যদিও সুযোগ ছিল সব দলেরই। নিচের দিকের দলগুলোর এমন অনাগ্রহ ভাবিয়ে তোলার মতোই। তবে ফেড কাপে খেলবে প্রিমিয়ারের ১১ দলই। অন্যতম শীর্ষ দল শেখ রাসেল ক্রীড়াচক্র তাজিকিস্তানে এএফসি কাপের ম্যাচ খেলবে ১০ ফেব্রুয়ারি। প্রাক-বাছাইয়ের বাধা পেরোলে বাছাইপর্বে তাদের পরবর্তী ম্যাচ ১৭ ফেব্রুয়ারি। তখন আবার পেছানো লাগতে পারে ফেড কাপ!
১০ মার্চ লিগ শুরুর ঘোষণা এসেছে কাল। তবে মার্চে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১২ ফুটবল আছে, সেটির জন্য খেলা বন্ধ থাকবে কয়েক দিন। প্রিমিয়ার লিগের ভেন্যু এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গোপালগঞ্জ। বিজেএমসি চেয়েছে নেত্রকোনা, ফরাশগঞ্জ চাঁদপুর। এই দুটিসহ পুরোনো ভেন্যু ফেনীর ব্যাপারে সিদ্ধান্ত এখনো ঝুলিয়ে রাখা হয়েছে।
চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল ফেব্রুয়ারি। এই লিগে সিনিয়র ডিভিশন থেকে ওঠা দলগুলো ১০ জন খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে ধরে রাখতে পারবে। ওই দলগুলো মাত্রই সিনিয়র ডিভিশন শেষ করায় এই সুবিধা চেয়েছিল।