দুই মিনিটে দুই পেনাল্টি মিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্টের শট ঠেকিয়ে দিচ্ছেন সিরিগু। ছবি: ইউটিউব
পার্টের শট ঠেকিয়ে দিচ্ছেন সিরিগু। ছবি: ইউটিউব

ম্যাচের অন্তিম মুহূর্ত, ফলাফল নিয়ে অনিশ্চয়তা দূর হয়ে গেছে বহু আগে। ভিসেন্তে ক্যালদেরনে ওসাসুনার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে ৩-০ গোলে। কিন্তু নাটকের বাকি ছিল তখনো। অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে কাল, পরপর দুই মিনিটে দুটি পেনাল্টি মিস করেছে ডিয়েগো সিমিওনের দল।

শুরুটা হলো ৮৮ মিনিটে তিয়াগোর এক দুর্দান্ত পাসে। ওসাসুনার বক্সে সেই পাস ধরে গোল করতে যাবেন অ্যাঙ্গেল কোরেয়া, এ সময়ই বাধা হয়ে দাঁড়ালেন সালভাতোরে সিরিগু। ফাউল, হলুদ কার্ড দেখলেন সিরিগু, সঙ্গে পেনাল্টিও। চতুর্থ গোলটাও হয়ে যাবে মনে হচ্ছিল তখন। হ্যাটট্রিকের আশা নিয়ে শট নিতে দাঁড়ালেন ইয়ানিক কারাসকো। ধারাভাষ্যকার অবশ্য বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, অ্যাটলেটিকোর পেনাল্টি দক্ষতা প্রশ্নবিদ্ধ।
সেটাই সত্যি হলো। কারাসকোর নিচু শটটা ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন সিরিগু! কিন্তু ৮৯ মিনিটের এ আনন্দটা ঠিক উপভোগ করতে পারলেন না ধারে ওসাসুনায় আসা পিএসজি গোলরক্ষক। পরের মিনিটেই আরেকটা পেনাল্টি পেল অ্যাটলেটিকো। ডি-বক্সে এক ডিফেন্ডারের হাতে লাগায় প্রশ্নবিদ্ধ পেনাল্টি পেল অ্যাটলেটিকো। হ্যাটট্রিকের আশা টিকে থাকলেও পেনাল্টি নেওয়ার সাহস দেখালেন না কারাসকো। এগিয়ে এলেন টমাস পার্টে। জোরালো এক শটও নিয়েছিলেন এই স্ট্রাইকার। কিন্তু আবারও ডান দিকে ঝাঁপ দিয়ে দুর্দান্তভাবে গোল ফিরিয়ে দিলেন সিরিগু। ২ মিনিটে দুটি পেনাল্টি সেভ!
এ মৌসুমে গোলবারের ১২ গজের সামনে এলেই কী যেন হচ্ছে অ্যাটলেটিকোর। এ নিয়ে লা লিগায় টানা ছয়টি পেনাল্টি হাতছাড়া করেছে ডিয়েগো সিমিওনের দল। আর পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি পেনাল্টির ৮টি থেকেই গোল করতে পারেননি গ্রিজম্যান-কারাসকোরা। সিমিওনে নিজেও বুঝতে পারছেন না সমস্যাটা কোথায়, ‘আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। এটা (পেনাল্টি নেওয়া) খুব কঠিন ব্যক্তিগত কাজ।’