দুই মেরুতে দুই মাদ্রিদ
প্রভাত যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে লা লিগা এবার আবার দুই ঘোড়ার দৌড় হয়ে যেতে পারে। লিগের প্রথম দুই ম্যাচেই যেখানে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে, নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারিয়েছে প্রথম দুই ম্যাচেই।
আরেকটু হলে হোঁচট খেত রিয়ালও। রোনালদো, বেনজেমা, পেপে নেই—জিনেদিন জিদানের আস্থা ছিল তরুণদের ওপরেই। রিয়ালে দ্বিতীয় অধ্যায়ে নিজের প্রথম গোল করে সেই আস্থার খানিকটা ফিরিয়েও দেন মোরাতা। ৬১ মিনিটে মোরাতার গোলের ছয় মিনিট পরে সমতা ফেরায় সেল্টা ভিগো। শেষ পর্যন্ত ৮১ মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত এক মাটিঘেঁষা শটেই বার্নাব্যু পায় উৎসবের উপলক্ষ। এই গোলটাই এই মৌসুমে রিয়ালকে ঘরের মাঠের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছে।
জিদান পরে স্বীকার করে নিলেন, এই ম্যাচে একটু এলোমেলোই ছিল দল, ‘আমরা আজ খুব একটা ভালো খেলতে পারিনি। যা ধারণা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি ভালো খেলেছে ওরা। কয়েকবার আমাদের ভুগিয়েছেও। তবে এটা ঠিক, জয়ের জন্য কষ্ট করতে হবেই।’
তবে ম্যাচ শেষে জিদানকে জয়ের চেয়েও বেশি কথা বলতে হয়েছে হামেস রদ্রিগেজকে নিয়ে। কলম্বিয়ান মিডফিল্ডার বার্নাব্যু ছেড়ে যাবেন, এমন গুঞ্জন কয়েক দিন থেকেই ভেসে বেড়াচ্ছে। রদ্রিগেজ এ ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি, খেলেছেন মাত্র ২১ মিনিট। তবে জিদান নিশ্চিত করে দিয়েছেন, হামেস রিয়ালেই থাকছেন, ‘আমার মনে হয় হামেস ভালোই খেলেছে। বদলি হিসেবে নেমে ব্যবধান গড়তে পারাটা সহজ নয়। সে এখানেই থাকবে।’
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে মৌসুমের শুরুতেই পড়ে গেছেন ঝামেলায়। দুই নবাগতের সঙ্গে লিগের প্রথম দুই ম্যাচেই পয়েন্ট খোয়াল তাঁর দল। দেপোর্তিভো আলাভেসের পর পরশু লেগানেসের সঙ্গেও ড্র। সিমিওনের অধীনে এটাই লিগে অ্যাটলেটিকোর সবচেয়ে বাজে শুরু। অ্যাটলেটিকো ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান যেমন বলেই দিয়েছেন, ‘এ রকম চললে আমাদের অবনমন বাঁচাতে লড়তে হবে।’ সিমিওনে অবশ্য এখনই অধৈর্য হয়ে পড়ার কারণ দেখছেন না। এএফপি, গোলডটকম।