আজ ম্যানচেস্টারের ইতিহাদে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। এই ম্যাচ আবার ফিরিয়ে আনবে এক বছর আগের সেই দ্বৈরথের স্মৃতি। তবে আজ ম্যান সিটি যখন নিউক্যাসলকে বিধ্বস্ত করার আত্মবিশ্বাস নিয়ে নামছে, মালাগার কাছে ন্যু ক্যাম্পে অপ্রত্যাশিত হারের পর বার্সেলোনা হঠাৎ করেই একটু অস্থির।
অথচ পরিস্থিতিটা উল্টোই হওয়ার কথা ছিল। মালাগার কাছে ১-০ হারের আগে বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে টানা ১১ ম্যাচ। আর নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার আগের ছয় ম্যাচে সিটির জয় মাত্র একটিতে। তবে গত বছরের স্মৃতিটাই অনুপ্রাণিত করতে পারে বার্সাকে, সেবার দুই লেগ মিলিয়ে মেসিরা জিতেছিল ৪-১ গোলে। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি সেটা ভুলে যাননি, ‘গতবার যে ভুলগুলো করেছিলাম এবার সেটা না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেবার দুটি ম্যাচই আমরা শেষ করেছিলাম একজন করে খেলোয়াড় কম নিয়ে। নকআউট পর্বে এটা খুবই কঠিন। এটা তো ৯০ মিনিটের ম্যাচ নয়, ১৮০ মিনিটের ম্যাচ।’
বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকেও জানেন এই ম্যাচের গুরুত্ব কতটা, ‘এটা এখন পর্যন্ত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ওরা আমাদের আক্রমণের চেষ্টা করবে। একদিক দিয়ে অবশ্য এটা ভালোই। গত কয়েক মাসেই দেখা গেছে আমরা আক্রমণাত্মক দলের সঙ্গেই ভালো খেলি।’ তাহলে পেলেগ্রিনি ও পিকের কথায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
বার্সা-সিটির ডামাডোলে চাপা পড়ে যাচ্ছে, নইলে অন্য ম্যাচটাও রোমাঞ্চ ছড়ানোর কথা। বরুসিয়া ডর্টমুন্ড এই মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বটে, তবে গত তিন ম্যাচে আভাস দিয়েছে ফর্মে ফেরার। আর সিরি ‘আ’তে জুভেন্টাস তো অপ্রতিরোধ্যই, লড়াইটা জম্পেশই হওয়ার কথা। এএফপি।