দুই মৌসুম পর গোল পেলেন এমিলি

জাতীয় দলের একসময়ের ‘এক নম্বর’ স্ট্রাইকার গোল করতেই ভুলে গিয়েছিলেন। গত মৌসুমের পুরোটা আর এবার ১২টি ম্যাচ—এমিলির নামের পাশে কোনো গোল ছিল না। আজ আরামবাগের বিপক্ষে সেই খরা কাটিয়েছেন। গোল পেয়েছেন। যদিও দলকে জেতাতে পারেননি। ২ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে এমিলির দল মোহামেডান।
গত মৌসুমে শেখ রাসেলের হয়ে খেলেছিলেন এমিলি। এবার নাম লিখিয়েছেন মোহামেডানে। নিজেকে হারিয়ে খুঁজছেন অনেক দিন ধরেই। কিন্তু যে খেলোয়াড়টি দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতই গোল পেয়েছেন, তিনি ঘরোয়া ফুটবলে দুই মৌসুম ধরে একটি গোলও করতে পারবেন না—এটা অবিশ্বাস্য। তেমন অবিশ্বাস্য ঘটনাই এমিলির ক্যারিয়ারে ঘটল। যাহোক, শেষ পর্যন্ত স্বস্তি ফিরেছে তাঁর মনে। গোল করার প্রায় ভুলে যাওয়া আনন্দটুকু পেলেন। যদিও দল জিতলে সেই আনন্দের মাত্র আরও বাড়ত। সেটি অবশ্য হয়নি। মোহামেডানের পক্ষে অপর গোলটি এনকোচা কিংসলের। আরামবাগের হয়ে দুটি গোল করেছেন সুমন আলী ও বুকোলা।
মোহামেডানকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন কিংসলে। বিপলু আহমেদের বাড়ানো বলে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে প্রবেশ করে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও মোহামেডানের গোল। মোহাম্মদ লিংকনের কর্নার থেকে এমিলির হেড আরামবাগের ডিফেন্ডার রকির গায়ে লেগে যখন জাল ঢোকে, তখন মনে হচ্ছিল সাদা-কালোদের জয় বোধ হয় নিশ্চিতই হয়ে গেল। কিন্তু আরামবাগের কোচ মারুফুল হক এত সহজে হাল ছেড়ে দিতে দেননি দলকে। ৫৭ মিনিটে তাঁর একটি সিদ্ধান্তই মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের। নতুন উদ্যমে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে আরামবাগের খেলোয়াড়েরা। মারুফ তেমন কিছুই করেননি। কেবল সেন্টারব্যাক ইকাঙ্গাকে পাঠিয়ে দেন বুকোলার কাছে। নাইজেরিয়ান-ক্যামেরুন জুটিতে আরামবাগের আক্রমণের ধার যায় বেড়ে। ৮০ মিনিটে রকির ক্রস থেকে হেডে গোল করে স্কোর লাইন ২-১ করেন সুমন আলি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি এসেছে ইকাঙ্গা ও বুকোলার জুটির রসায়নে। ইকাঙ্গা শট নিলে গোলরক্ষক মামুন ঝাঁপিয়ে রক্ষা করেছিলেন বটে কিন্তু ফলোআপে থাকা বুকোলা গোলমুখের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন। হারতে বসা ম্যাচে পয়েন্ট নিয়ে ফেরায় উৎসবে মাতল আরামবাগ-শিবির।
মোহামেডান-শিবিরে তখন রাজ্যের হতাশা। হতাশ প্রায় দুই মৌসুম পর গোল পাওয়া এমিলিও।