দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে মেরেছেন। গত শনিবার রাতে কর্দোবার বিপক্ষে ম্যাচে ওই কাণ্ডের জন্য লাল কার্ডও দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে নিজের ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। অমন বাজে আচরণের জন্য তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। খেলতে পারবেন না লিগে সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে।
ব্যালন ডি’অর জিতে বছরটা শুরু করা রোনালদো কয়েক মাস ধরেই দুর্দান্ত ফর্মে। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ ম্যাচে ৩৬ গোল হয়ে গেছে তাঁর। তবে কর্দোবার বিপক্ষে ম্যাচে হয়তো কিছু করতে না পারার হতাশা তাঁকে পেয়ে বসেছিল। আর সেই হতাশায় মেজাজ হারিয়ে ফেলার মূল্যই দিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে। গোলডটকম।