দুই শতে মুলারের দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস মুলার
টমাস মুলার

কী দারুণভাবেই মাইলফলকের ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন টমাস মুলার! গত পরশু মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটি ছিল বায়ার্ন মিউনিখের জার্সিতে জার্মান ফরোয়ার্ডের দ্বিশততম লিগ ম্যাচ। তাতে মুলার করলেন দুই গোল আর বায়ার্ন জিতল ৩-০ গোলে।
একে তো বুন্দেসলিগার শীর্ষে ওঠার লড়াই, তার ওপর চোট ও নিষেধাজ্ঞায় নেই নিয়মিত ডিফেন্ডারদের কেউ। এই ম্যাচে জিততে হলে বায়ার্নের আক্রমণভাগের খেলোয়াড়দেরই জ্বলে উঠতে হতো। ডগলাস কস্তা, আরিয়েন রোবেন, জাবি আলোনসো—আলো ছড়িয়েছেন সবাই। তবে দিন শেষে ম্যাচটি মুলারের। ২৬ মিনিটে প্রথম গোলটি করেছেন, ৭৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়টি। ম্যাচে অন্যভাবেও অবদান রেখেছেন মুলার, মাহাত্ম্যে যেটি তাঁর গোল দুটিকেও হয়তো ছাড়িয়ে যায়। ৭১ মিনিটে পেনাল্টি পেয়েছিল বায়ার্ন। গোল করলে হ্যাটট্রিক হয়ে যেত, তা জেনেও মুলার সেটি ছেড়ে দিলেন এই মৌসুমে এখনো গোল না পাওয়া আরিয়েন রোবেনের জন্য! রয়টার্স।