দুই সপ্তাহের জন্য ডি ক্রুইফ
কবে আসছেন কোচ? প্রশ্নটা শুনতে শুনতে বাফুফের কর্মকর্তারা একটু ত্যক্ত-বিরক্তই হয়ে গিয়েছিলেন। অবশেষে আজ আসছেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। বঙ্গবন্ধু গোল্ডকাপের মাত্র পাঁচ দিন আগে আজ দলের দায়িত্ব নেবেন এই ডাচ কোচ। বিমানবন্দর থেকেই সোজা চলে যাবেন বিকেএসপিতে, ফুটবল দলের আবাসিক ক্যাম্পে।
ক্রুইফের সঙ্গে বাফুফের নতুন চুক্তি মাত্র দুই সপ্তাহের। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের দৌড় শেষ হলেই আবার দেশে ফিরে যাবেন ক্রুইফ। এত দিন দলের দায়িত্ব সামলাচ্ছিলেন ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটু। তবে ক্রুইফ নাকি হল্যান্ডে বসেও দলের সঙ্গে সংযোগ রেখে চলছিলেন। বাফুফের অন্যতম সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল কাল এমনই জানালেন, ‘হল্যান্ডে বসেই ক্রুইফ প্রতিপক্ষের ভিডিও ফুটেজ দেখে পরিকল্পনা সাজিয়েছেন।’ ক্রুইফকে আগের সব দেনা-পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন তাবিথ, ‘ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারের সঙ্গে আমাদের আগের যে চুক্তি ছিল সেটা এরই মধ্যে শেষ হয়েছে। ওই চুক্তি অনুযায়ী তাদের বকেয়া বেতনও হল্যান্ডে তাঁদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ক্রুইফ শুধু বঙ্গবন্ধু কাপেই কাজ করছেন। তাঁকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়ার কোনো পরিকল্পনা বাফুফের নেই বলেই জানালেন বাফুফের এই তরুণ কর্মকর্তা, ‘এশিয়ান গেমস ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য আমরা ইউরোপিয়ান কোচ আনব। কোচের সঙ্গে পুরো কোচিং স্টাফই আনার পরিকল্পনা আমাদের। আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই এই কোচদের ঢাকায় আনতে পারি।’
প্রস্তুত হচ্ছে সিলেট: ২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। সিলেটের সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী রোববার থেকে। টিকিট পাওয়া যাবে এবি ব্যাংক ও এনআরবি ব্যাংকের সিলেট শাখায়। সিলেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। কাল ওই ভেন্যুর প্রস্তুতি, নিরাপত্তা এবং অন্য বিষয়গুলো দেখতে বাফুফের তিন কর্মকর্তা গিয়েছিলেন সিলেটে। গত আগস্টে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে দর্শকেরা গেট ভেঙে ঢুকে পড়েছিল সিলেটের মাঠে। ওই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে এবার বাফুফে। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘এবার খুব শক্ত করে গেট তৈরি করা হয়েছে। চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। প্রধান গেটে ঢুকতে হবে কিউ দিয়ে। স্থানীয় ডিএফএ বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোরের সহায়তা নেবে। আশা করি, এবার তেমন সমস্যা হবে না।’
ঢাকার অনুশীলন ভেন্যু বদল: বিদেশি দলগুলোর ঢাকায় অনুশীলনের জন্য প্রাথমিকভাবে বুয়েট ও পুলিশ লাইন মাঠ চাওয়া হয়েছিল বাফুফের পক্ষ থেকে। কিন্তু সমাবর্তনের জন্য বুয়েট মাঠ পাওয়া যাবে না, একইভাবে জাতীয় পুলিশ সপ্তাহের জন্য পাওয়া যাবে না রাজারবাগ পুলিশ লাইন মাঠ। এ জন্য বিকল্প হিসেবে দলগুলোকে বাফুফের অ্যাস্ট্রো টার্ফের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও সামরিক জাদুঘর মাঠে অনুশীলনের পরিকল্পনা করেছে বাফুফে।