দুই সোনালি প্রজন্মের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা লড়াইয়ের প্রস্তুতি। সান্তিয়াগোতে কাল নিজেদের ঝালিয়ে নিলেন চিলির সানচেজ-ভার্গাসরা (বাঁয়ে)। তৈরি হচ্ছিলেন মেসি-আগুয়েরোরাও l এএফপি
শিরোপা লড়াইয়ের প্রস্তুতি। সান্তিয়াগোতে কাল নিজেদের ঝালিয়ে নিলেন চিলির সানচেজ-ভার্গাসরা (বাঁয়ে)। তৈরি হচ্ছিলেন মেসি-আগুয়েরোরাও l এএফপি

তুলনাটাকে কেউ কেউ বলবেন অসম। একদিকে মেসি-আগুয়েরো-ডি মারিয়া- মাচেরানো-হিগুয়েইন, অন্যদিকে সানচেজ-ভিদাল-ভার্গাস-মেডেল-ব্রাভো। সামর্থ্যের তফাত আছে, স্বভাবতই সেই ব্যবধান তারকা খ্যাতিতেও। কিন্তু কোপা আমেরিকার ফাইনালের সামনে দাঁড়িয়ে ব্যবধানের চেয়ে মিলটাই কি বেশি চোখে পড়ছে না? মেসি-আগুয়েরোরা যেমন আর্জেন্টিনার এক সোনালি প্রজন্ম, চিলির হয়ে সেটি সানচেজ-ভিদালরা। দেশের হয়ে মেসিরা যেমন কিছু জিততে পারেননি, ভিদালরাও তা-ই। সান্তিয়াগোর ন্যাসিওনাল স্টেডিয়ামে আজ কোপা আমেরিকার ফাইনাল এই দুটি সোনালি প্রজন্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। দেশের জার্সি গায়ে কোনো ট্রফিতে হাত রাখার আজন্ম সাধ আজ পূরণ হবে এক পক্ষের, অন্যদের প্রতীক্ষা দীর্ঘায়িত হবে আরও।
আর্জেন্টিনা ফুটবলের পরাশক্তি। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন, দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ১৪ বারের সেরা। অন্যদিকে বিশ্বকাপ দূরের কথা, চিলি কখনো নিজ মহাদেশেই সেরার স্বীকৃতি পায়নি। কিন্তু কোপায় আর্জেন্টিনার সর্বশেষ শিরোপা জয় ২২ বছর আগে। মেসি-আগুয়েরোদের তাতে কোনো কৃতিত্ব নেই। নামের ভারে বিশ্ব কাঁপালেও দেশের হয়ে অর্জনের বিচারে তাঁরা তাই সানচেজ-ভিদালদের কাতারেই। খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে গত বছর, বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে। আজ সেই অধরা ট্রফ্রির আক্ষেপ ঘুচাতে চান লিওনেল মেসি, ‘আমাদের এই প্রজন্মটা দেশের হয়ে একটা ট্রফি জেতার জন্য মরিয়া। সত্যি বললে, আমাদের এই দলটার এখন একটা ট্রফি প্রাপ্য। গত বছর বিশ্বকাপে পারিনি, আশা করি এবার কোপায় পারব।’ মেসির কথার সুরে সুর মিলিয়েছেন তাঁর ঘনিষ্ঠতম বন্ধু ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, ‘বিশ্বকাপ জিততে না পারার হতাশা তো আর যাবে না, তবে কোপার ট্রফিটা নিঃসন্দেহে আমাদের আনন্দ দেবে।’
একই তাড়না প্রতিপক্ষ দলেরও। নব্বই দশকের শেষ দিকে বিখ্যাত সালাস-জামেরানো জুটি চিলিকে চিনিয়েছিল নতুন করে। তারপর সানচেজ-ভিদাল আর ভার্গাসদের এই প্রজন্ম আবার স্বপ্ন দেখাতে শুরু করেছেন চিলিয়ান সমর্থকদের। প্রত্যাশার একটা চাপ অনুভব করছেন জুভেন্টাসের চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালও, ‘আমাদের এই দলটা অনেক দিন একসঙ্গে খেলছে। ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। আমরা জানি, এখন আমাদের কিছু জেতার সময়। কিছুটা চাপ তো আছেই। কিন্তু আমরা জানি সে চাপ কীভাবে সামালাতে হয়।’
ভিদাল চাপের কথা বলছেন। কিন্তু সেই চাপ কি মেসির ওপরে থাকা চাপের চেয়েও বেশি? ক্লাব বার্সেলোনার হেয় অবিশ্বাস্য সব কীর্তি গড়ে নিজেকে যিনি সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছেন, তাঁরই কিনা জাতীয় দলের হয়ে কোনো শিরোপা নেই! অনেকেই বলেন, ক্লাবে সতীর্থদের কাছ থেকে যে সহযোগিতাটা পান মেসি, সেটি জাতীয় দলের সতীর্থদের কাছ থেকে পান না। আর্জেন্টিনায় একজন ইনিয়েস্তা কোথায়! সেই অপবাদ ঘুচাতেই কিনা এই টুর্নামেন্টে মাঝমাঠে মেসিকে দুর্দান্ত সঙ্গ দিয়ে যাচ্ছেন সতীর্থ হাভিয়ের পাস্তোরে। আজও মেসিকে নিজের খেলাটা খেলতে দিতে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পিএসজির এই মিডফিল্ডার, ‘আমি জানি মেসি পাস পেতে পছন্দ করে। ওর কাছাকাছি সব সময় কাউকে থাকতে হয়, যাতে সে বল দেওয়া-নেওয়া করতে পারে। আমিও চাইব মেসি, ডি মারিয়াদের কাজ সহজ করে দিতে।’
আর মেসি নিজের খেলাটা খেলতে পারলে প্রতিপক্ষের কী অবস্থা হয়, সেটি চিলিয়ানদের মধ্যে ক্লদিও ব্রাভো জানেন, জানেন অ্যালেক্সিস সানচেজ। বার্সেলোনায় ব্রাভো এখন মেসির সতীর্থ, আগে ছিলেন সানচেজ। দেশের জার্সি গায়ে মেসির মুখোমুখি হওয়ার আগে তাই ব্রাভোও সতর্ক। তবে সেটা করতে গিয়ে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের ওপর থেকে মনোযোগ সরিয়ে না ফেলতে সতর্ক করছেন সতীর্থদের, ‘সে (মেসি) একাই খেলছে না। পুরো আর্জেন্টিনা দল নিয়েই চিন্তা করতে হবে আমাদের, শুধু লিওকে নিয়ে নয়।’
শেষ পর্যন্ত জয়টা মেসির আর্জেন্টিনার হোক কিংবা ব্রাভোর চিলির, শেষ হাসিটা যে একজন আর্জেন্টাইনই হাসছেন সেটা নিশ্চিত। ফাইনালের দুই দলের কোচই যে আর্জেন্টাইন! এএফপি, রয়টার্স।

ম্যাচ শুরু রাত ২টায়, দেখাবে চ্যানেল ২৪, সনি কিক্স ও সনি সিক্স এইচডি