দুই হলে ৫০০, তিন হলে ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামটা ধাঁধার মতো মনে হচ্ছে? হওয়ারই কথা। যাঁকে নিয়ে শিরোনাম, তিনিও ফুটবল দর্শকদের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ায় একজন বিশেষজ্ঞ বটে! কত কত গোল আছে তাঁর, যা দেখে দর্শক স্রেফ হাঁ হয়ে গেছেন। অনুচ্চারে কিংবা সশব্দে বলতে বাধ্য হয়েছেন, এও কি সম্ভব!
তাঁর নাম লিওনেল মেসি। শিরোনামটাও তাঁর গোল নিয়েই। ক্লাব বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ৫৭৫ ম্যাচে ৪৯৮ গোল হয়ে গেছে মেসির। আর মাত্র দুটি গোল হলেই ছুঁয়ে ফেলবেন ৫০০ গোলের মাইলফলক। এই ৪৯৮ গোলের ৯৭টি আবার ইউরোপিয়ান টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ)। যেখানে আর তিনটি গোল হলেই ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ছোঁয়া হয়ে যাবে ১০০ গোলের মাইলফলক। গত বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে যে কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বার্সেলোনার পরের ম্যাচটা চ্যাম্পিয়নস লিগে। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। তুরিনে প্রথম লেগটা ৩-০ গোলে হেরে আসায় নিজের মাঠে এই ম্যাচে দুর্দান্ত একটা জয় লাগবে বার্সার। মেসি ৫০০ কিংবা ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার জন্য তাই ওটাই হতে পারে আদর্শ ম্যাচ। বার্সেলোনাও নিশ্চয়ই চায়, ম্যাচটা মেসির হোক।
হতে পারে বৈকি! পরশু লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। জোড়া গোল আছে এ মাসের শুরুতে সেভিয়ার বিপক্ষে ম্যাচেও। সব মিলিয়ে গত এক মাসের মধ্যে বার্সেলোনার ছয়টি ম্যাচের তিনটিতেই জোড়া গোল আছে মেসির। আরও একটা ম্যাচে জোড়া গোল অসম্ভব কি?
আর যদি হ্যাটট্রিক হয়ে যায়, তাহলে তো কথাই নেই। একই সঙ্গে দুটি মাইলফলকই ছোঁয়া হয়ে যাবে। সে জন্য অবশ্য নিজের সেরা ছন্দে থাকতে হবে মেসিকে। বার্সেলোনার হয়ে তাঁর সর্বশেষ হ্যাটট্রিকটা গত বছর অক্টোবরে, চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সেদিনের পারফরম্যান্স পুনরাবৃত্তি করার জন্য অনুপ্রেরণা লাগবে? সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনালদো তাঁকে ছাড়িয়ে ইউরোপে গোলের সেঞ্চুরি করে বসে আছেন, এর চেয়ে বড় প্রেরণা আর হয় নাকি! রোনালদো এগিয়ে আছেন হ্যাটট্রিকেও। ক্লাব ও দেশের হয়ে পর্তুগিজ উইঙ্গারের যেখানে ৪৩টি হ্যাটট্রিক, সেখানে মেসির হ্যাটট্রিক ৪১টি।
আরেকটা হ্যাটট্রিক হলে মেসি শুধু দুটি মাইলফলকই ছোঁবেন না, রোনালদোর আরেকটু কাছেও তো যাবেন!