দুইয়ে উঠে এল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটজর্জর বোজান পেত্রিচ মাঠে নামতে পারেননি গত ২৪ দিন। পাঁচ ম্যাচ পর ফিরে উজ্জ্বল বসনিয়ান ডিফেন্ডার রক্ষণে তো দুর্দান্ত খেলেছেনই, গোলও পেয়েছেন একটি। শেখ রাসেল ক্রীড়াচক্র তাঁকে ফিরে পেয়ে যেন স্বচ্ছন্দে খেলতে পেরেছে অনেক দিন পর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্বল চট্টগ্রাম আবাহনীকে কাল ২-০ ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল। অন্য গোলটি মিঠুন চৌধুরীর—জাতীয় দলের স্ট্রাইকারের এই লিগে প্রথম গোল।
এক মৌসুম আগে ট্রেবল জেতে শেখ রাসেল। অথচ গত মৌসুমে কোনো শিরোপাই ঘরে ওঠেনি। এবার লিগের প্রথম পর্বের মাঝপথেও হয়তো এতটা আশায় বসতি গড়তে পারছিলেন না কোচ দ্রাগান দুকানোভিচ। কিন্তু যতই দিন গড়াচ্ছে, শিরোপার আশাও উঁকি দিচ্ছে এই মন্টেনেগ্রিয়ানের মনে। লিগে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে; তার আগে কাল পর্যন্ত লিগের শীর্ষে থাকা শেখ জামালের কাছাকাছি চলে এসেছে রাসেল। কালকের জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল নীল দল। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশে নামল চট্টগ্রাম আবাহনী। শেখ জামালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে শেখ রাসেল।
কাল জয়টা অনুমিতই ছিল শেখ রাসেলের। দেখার বিষয় ছিল ব্যবধান কতটা বাড়িয়ে নিতে পারেন মিঠুন-এমিলিরা। কিন্তু পুরো ম্যাচে প্রায় গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেছেন মিঠুন ও পল এমিলি। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়েও গোল পেতে তাঁদের অপেক্ষা ছিল ২১ মিনিট পর্যন্ত। তপু বর্মণের ক্রস মাথা ছুঁইয়ে ১-০ করেন মিঠুন। ৩৯ মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রিকিক থেকে জটলায় দাঁড়ানো পেত্রিচ ব্যবধান দ্বিগুণ করেন। গোল করার ফুটবলারের অভাব রাসেলের, লিগের দ্বিতীয় পর্বে এ সমস্যা থেকে বেরোতে না পারলে দুকানোভিচকে আবার হতাশায় পেয়ে বসতে পারে। জয়ের পর শেখ রাসেল কোচ কথাটা মানলেন, ‘প্রতিটি ম্যাচ শেষেই একই কথা বলে আসছি। আমাদের বড় সমস্যা স্কোরিংয়ে।’ তবে আপাতত পরের ম্যাচ নিয়েই ভাবছেন তিনি, ‘এই পর্বে আমাদের শেষ ম্যাচ রহমতগঞ্জের সঙ্গে। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। মোটেও ওদের খাটো করে দেখছি না।’
বিজেএমসির প্রথম জয়
লিগে গত আট ম্যাচে জয়হীন বিজেএমসি অবশেষে কালই দেখল প্রথম জয়ের মুখ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। ২০ মিনিটে তপুর হেডে প্রথম এগিয়ে যায় বিজেএমসি। সেনেগালিজ ফরোয়ার্ড ডোডো সোনকো ব্যবধান দ্বিগুণ করেন ৫১ মিনিটে। ছয় মিনিট পরই তৃতীয় গোলটি করেন জিকো। ম্যাচের যোগ হওয়া সময়ে স্কোর ৪-০ করেন সোনকো। কালকের জয়ে ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নয়ে উঠল বিজেএমসি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে নামল ফরাশগঞ্জ।