দুইয়ে দুই বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রে’র শিরোপা তুলে ধরলেন দুই বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি ছবি: রয়টার্স
কোপা ডেল রে’র শিরোপা তুলে ধরলেন দুই বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি ছবি: রয়টার্স

সেই একই গল্প। লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যের গল্প। সঙ্গে আছে, নেইমার আর সুয়ারেজের দুর্দান্ত সহযোগিতা। এই ত্রয়ী যখন মিলেমিশে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন, তাহলে প্রতিপক্ষের অবস্থা কী হয়? কাল কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের অবস্থা হয়েছিল ঠিক তেমনিই। ফলাফল ৩-১ গোলে উড়ে যাওয়া। এই জয়ে মৌসুমে ‘ডাবল’টা নিশ্চিত হয়ে গেছে লুইস এনরিকের শিষ্যদের। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে রেখে বার্সেলোনার অপেক্ষা এখন ‘ট্রেবল’ জয়ের।
বার্সেলোনার গতকালকের জয়ে মূল অবদান অবশ্যই লিওনেল মেসির। তাঁর পা থেকে এসেছে দুটি গোল। অপর গোলটিতে নিজের নাম লেখাতে পারতেন সুয়ারেজ, কিন্তু তাঁর নিঃস্বার্থ সহায়তায় এই গৌরব গায়ে মেখেছেন ব্রাজিলীয় তারকা নেইমার।
মেসি-সুয়ারেজ-নেইমার—এই ‘এমএসএন’ ত্রয়ী এই মৌসুমে যে কতটা ভয়াবহ হয়ে উঠেছেন, তার প্রমাণ দেখা যাচ্ছে পরিসংখ্যানেই। এই মৌসুমে কেবল এই তিনজনের মিলিত গোলসংখ্যা কত জানেন? ‘মাত্র’ ১২০ টি!

জোড়া গোলে এই মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫৮ টি। রোনালদোর ৬১ টি। ক্লাবের হয়ে এই মৌসুমে আর একটিই ম্যাচ খেলবেন মেসি। সেটা অবশ্যই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। মৌসুমের মোট গোলে রোনালদোকে ছাড়িয়ে যেতে সেই ম্যাচে মেসিকে করতে হবে চারটি গোল। 
খেলার ১৯ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। বিলবাওয়ের চার রক্ষণসেনাকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে করা তাঁর এই গোলটি ছিল চোখ ধাঁধানো।
এই একটি গোলই যেন বিলবাওয়ের সব আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। বাকিটা সময় কোপা ডেল রে’র দ্বিতীয় সেরা দলটিকে ব্যস্ত থাকতে হয় নিজেদের ঘর সামলাতে। সেটাও কী তারা পেরেছে? ২৭ তম মিনিটে প্রথমে জেরার্ড পিকে একটি সহজ সুযোগ নষ্ট করেন। এর প্রায় সঙ্গে সঙ্গেই নেইমারের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলটির মূলে অবশ্য ছিলেন মেসিই। মেসির বাড়ানো বল ইভান রাকিতিচের পা ঘরে আসে সুয়ারেজের কাছে। তিনি বলটা খুব সহজেই গোলে মারতে পারতেন। কারণ তাঁর সামনে কেবল ছিলেন বিলবাওয়ের গোলরক্ষকই। কিন্তু সেটা না করে উরুগুইয়ান তারকা বল বাড়ান নেইমারের দিকে। ফাঁকা পোস্টে বল ঠেলে দিতে একেবারেই ভুল করেননি অরক্ষিত নেইমার।
প্রথমার্ধের একেবারে শেষের দিকে বার্সেলোনাকে কিছুটা আতঙ্কে ফেলেছিল বিলবাও। ইনাকি উইলিয়ামসের একটি শট ক্রসবারে লেগে প্রতিহত না হলে খেলার পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারত। ৭৪ মিনিটে কোপা ডেল রে’র শিরোপা নিশ্চিত করে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে নেন মেসি। নিজের দ্বিতীয় গোলটি মেসি করেন দানি আলভেসের পাস থেকে। ৭৯ মিনিটে ওই ইনাকি উইলিয়ামসের গোলে ব্যবধান কমায় বিলবাও। দেরি করে পাওয়া এই গোলটি অবশ্য ম্যাচের ফলাফলে কোনো প্রভাব তৈরি করতে পারেনি। উপরন্তু জাভির একটি ফ্রিকিক ক্রসবারে লেগে প্রতিহত না হলে বার্সেলোনার জয়ের ব্যবধানটা আরও বড় হওয়ার সম্ভাবনা ছিল। কাল ন্যু ক্যাম্পে বার্সেলোনর জার্সি গায়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলে ফেললেন এই তারকা ফুটবলার।