দুঙ্গা থেকে মুক্তি পেল ব্রাজিল

আর কয়েক ঘণ্টার মধ্যে ব্রাজিলের চূড়ান্ত অলিম্পিক ফুটবল দল ঘোষণা করার কথা ছিল তাঁর। এর আগেই কোচের পদ থেকে ছাঁটাই হলেন দুঙ্গা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক কোচের মেয়াদে দ্বিতীয় দফাও পূর্ণ সময়ে দায়িত্ব পালন করতে পারলেন না। প্রথম দফায় ২০০৬ বিশ্বকাপের পর ২০১০ বিশ্বকাপ পর্যন্ত সময়টায় কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপের শিরোপা এনে দিয়েছিলেন ব্রাজিলকে। তখনো তাঁর খেলানোর ধরন নিয়ে তীব্র সমালোচনা ছিল। আর এবার তো কোপা আমেরিকার প্রথম পর্বেই বাদ পড়েছে ব্রাজিল। গত ২৯ বছরে যে লজ্জায় পড়তে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
পেরুর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পরই ব্রাজিলের পাশাপাশি দুঙ্গার বিদায়ও নিশ্চিত হয়ে যায়। দুঙ্গা অবশ্য তখনো বেশ আশাবাদী ছিলেন তাঁকে রেখে দেবে ব্রাজিল। কিন্তু গতকাল মঙ্গলবার সেই অমঙ্গলজনক খবরই তাঁকে দিল ব্রাজিলের ফুটবল সংস্থা (সিবিএফ)। অবশ্য ব্রাজিল সমর্থকেরা এই খবরটি দলের জন্য মঙ্গল আর মুক্তি হিসেবেই দেখছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছিল, ব্রাজিলের ৯১ শতাংশ মানুষই ব্রাজিল দলের ওপর আস্থাশীল নয়।
দুঙ্গার উত্তরসূরি কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে যে–ই হোক, সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য বেশি সময় তিনি পাচ্ছেন না। তাঁর প্রথম কাজ হবে সমর্থকদের আস্থা ফেরানো।
অবশ্য গত বিশ্বকাপে নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ হেরে যাওয়ার পর দুঙ্গাকেই একমাত্র সমাধান ভেবেছিল সিবিএফ। দুঙ্গা দ্বিতীয় মেয়াদের শুরুটা করেছিলেনও দুর্দান্ত। টানা ১০ ম্যাচ জিতেছিল ব্রাজিল। সবচেয়ে বড় কথা, এই ১০ ম্যাচে গোল খেয়েছিল মাত্র দুটি। নেইমারও মেলে ধরছিলেন নিজেকে।
নেইমারকে অবশ্য এবারের কোপায় পাননি দুঙ্গা। নেইমারকে অলিম্পিকের জন্য রাখা হয়েছে বিশ্রামে, নিজেদের দেশে অনুষ্ঠেয় যে অলিম্পিক ফুটবলে সোনা জিততে ব্রাজিল মরিয়া। এই একটাই অর্জন যে নেই ফুটবলের সর্বকালের সফলতম দেশটির। এক চোখ রিও অলিম্পিকে রেখে কোপার দলে অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ছয় খেলোয়াড়কেও এনেছিলেন দুঙ্গা, যেন ব্রাজিলের নতুন প্রজন্ম এরই মধ্যে তৈরি হয়ে নেইমারের সঙ্গে কাঁধ মেলাতে পারে।
নেইমার নেই, তরুণতর একটা দল, কোপা শুরুর আগের দুই সপ্তাহে চোটের কারণে ছয় খেলোয়াড়কে হারিয়ে ফেলা; এর কোনোটাই দুঙ্গার চাকরি বাঁচাতে পারেনি। দুর্বল হাইতির জালে সাত গোল দিলেও বাকি দুই ম্যাচে ব্রাজিল ছিল নিষ্ফলা। পেরুর বিপক্ষে বিতর্কিত গোল তাদের কোপা থেকে ছিটকে দিয়েছে ঠিকই, কিন্তু ইকুয়েডরের বিপক্ষে বিতর্কিত সন্ধিতে ব্রাজিল হারও তো এড়িয়েছিল। পেরুর জালে একটা গোল দিলেও কোয়ার্টার ফাইনালে যেত ব্রাজিল। কিন্তু সেই পেরু-বাধাই তারা পেরোতে পারল না!
কোপার এই ব্যর্থতা তো আছেই, বিশ্বকাপ বাছাইপর্বেও ধুঁকছে ব্রাজিল। পয়েন্ট টেবিলে পড়ে আছে ৬ নম্বরে। সব মিলিয়ে দুঙ্গার ছাঁটাই অনিবার্যই যেন ছিল। ব্রাজিলের এখন সামনে তাকানোর পালা। ব্রাজিলের নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে করিন্থিয়ানসের কোচ টিটের নাম।