দুঙ্গা হলে ম্যারাডোনা কেন নয়!
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?
চার বছর আগের অধ্যায়টা ভুলে যেতে চাইবেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনা কোচ হওয়ার সময়টা তো খুব ভালো কাটেনি তাঁর। কিন্তু এখন নিজেই চাইছেন সেই ভূমিকায় ফিরে যেতে। প্রকাশ্যে সেটা বলেছেনও।
কিন্তু হঠাৎ করে সেই ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠল কেন? আর যা-ই হোক, ম্যারাডোনাকে তো কোচ হিসেবে কোনোভাবেই সফল বলা যাবে না। আর্জেন্টাইন কিংবদন্তিকে আসলে ‘উসকে’ দিয়েছেন কার্লোস দুঙ্গা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হয়েছিল দুঙ্গাকে। এবার ঘরের মাঠে বিশ্বকাপে ছিলেন লুইস ফেলিপে স্কলারি। কিন্তু জার্মানির কাছে ৭ গোলের ওই লজ্জার পর বোঝাই যাচ্ছিল, স্কলারির সময় শেষ হয়ে এসেছে। বিশ্বকাপের পর স্কলারি নিজেই সরে দাঁড়িয়েছেন।
এর পর থেকেই স্কলারির উত্তরসূরি হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ফিরে এলেন দুঙ্গাই। এদিকে আর্জেন্টিনাতেও চলছে পালাবদলের আভাস। বিশ্বকাপে আলেসান্দ্রো সাবেলাকে অবশ্য ব্যর্থ বলা যাবে না কোনোভাবেই। দেশটির ফুটবল ফেডারেশনও রাখতেই চেয়েছিল তাঁকে। কিন্তু সাবেলা নিজেই সরে গেছেন কোচের পদ থেকে। এখনো শূন্যই আছে আর্জেন্টাইন কোচের তখত।
আর্জেন্টিনার সাময়িকী ওলেকে ম্যারাডোনা তাই নিজের ইচ্ছা রাখঢাক না রেখেই জানিয়েছেন, ‘দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি। যদি ব্রাজিল দুঙ্গাকে ডাকতে পারে, আর্জেন্টিনা আমাকে কেন নয়?’ এর পরের তাঁর কথাটা ম্যারাডোনা-সুলভই, ‘যা-ই হোক, আমি দুবাইয়ে সুখী আছি। আমি কারও সামনে হাঁটু গেড়ে বসতে পারব না।’
ম্যারাডোনার ইচ্ছা সম্ভবত এ যাত্রায় পূরণ হচ্ছে না। জেরার্ডো মার্টিনোই সাবেলার জায়গা নিচ্ছেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমের।
২৪ বছর পর এবারই প্রথম আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ২০১৪ বিশ্বকাপটা আলবিসেলেস্তেদের কাছে স্মরণীয় হয়েই থাকবে। কিন্তু সাবেলার দলের খেলা মন ভরাতে পারেনি ম্যারাডোনার, ‘আমি সাবেলা বা তার খেলোয়াড়দের নিয়ে কঠোর হতে চাই না, কিন্তু আমার মনে হয় না আর্জেন্টিনা একটা ম্যাচও ভালোভাবে জিততে পেরেছে। মাঝেমধ্যে ভালো খেলেছে বটে, কিন্তু আমরা ভালো খেলেছি এ রকম একটা ম্যাচ কেউ দেখাতে পারবে না।’
কোচ না হওয়ার হতাশা থেকেই কি এসব বলেছেন ম্যারাডোনা? গোলডটকম।