দুঙ্গাকে পাহেইরার শংসাবচন

না, ঘরের মাঠে ও রকম লজ্জাজনকভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আক্ষেপটা এত জলদি যাবে না। কে জানে ‘মারাকানাজো’ যেমন ব্রাজিলের চিরকালের আক্ষেপ হয়ে আছে, ‘মিনেইরাজো’ হয়তো তেমনি আক্ষেপ হয়েই থাকবে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে তাৎক্ষণিক যে মানসিক ধাক্কাটা পেয়েছিল ব্রাজিল, সেটা নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে কাটিয়ে উঠেছে বলেই মনে করেন আরেক সাবেক কোচ কার্লোস আলবার্তো পাহেইরা। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া দুঙ্গার কাছ থেকে প্রাথমিক যে প্রত্যাশা ছিল সেটা তিনি পূরণ করেছেন বলেই মনে করেন ১৯৯৪ বিশ্বকাপ জেতানো কোচ, ‘ওর (দুঙ্গার) প্রধান কাজ ছিল খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং ব্রাজিল ফুটবলের প্রতি মানুষের শ্রদ্ধা ফিরিয়ে আনা। আমি ভেবেছিলাম আরেকটু বেশি সময় লাগবে। কিন্তু চার ম্যাচে চারটি জয়, একটি জয় আবার আর্জেন্টিনার বিপক্ষে; সে দারুণ কাজ করছে।’
দুঙ্গার এই দলটাকে নিয়ে পাহেইরার বিশ্লেষণ, ‘এরা গোছানো, রক্ষণ ভালো এবং ফুটবলের শক্তিশালী অস্ত্র প্রতি-আক্রমণ কাজে লাগাতে জানে।’ তবে এখান থেকে আরও উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন পাহেইরা, ‘শুধু জয়টাই গুরুত্বপূর্ণ নয়। জিততে হবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সবাইকে দেখাতে হবে আমাদের ফুটবল কতটা ভালো।’
আগামী মাসে তুরস্ক ও অস্ট্রিয়ার সঙ্গে আরও দুটি প্রীতি ম্যাচ খেলে বছরটা শেষ করবে ব্রাজিল। এএফপি।