দুঙ্গাকেই দুষলেন রিভালদো
ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর টানা দ্বিতীয়বার কোপা থেকে বিদায় কোয়ার্টার ফাইনালেই। পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল নামটির সঙ্গে যা একেবারেই যায় না। এতে বেজায় চটেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রিভালদো।
গত মঙ্গলবার ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের ১৩ বছর পূর্তির দিনে রিভালদো ফেসবুকে লিখেছেন, ‘আমি সাধারণত চুপ থাকতেই পছন্দ করি, কিন্তু ব্যাপারগুলো বেশি কদর্য হয়ে যাচ্ছে দেখে আর চুপ থাকতে পারছি না।’
কোপার বিপর্যয়ের জন্য কোচ দুঙ্গার দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন রিভালদো। আরব আমিরাত ও চীনের মতো অখ্যাত লিগে খেলা এভারটন রিবেইরো এবং ডিয়েগো তারদেল্লিকে দলে নেওয়ায় বিরক্ত সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা, ‘যে কেউই এখন দলে সুযোগ পেয়ে যাচ্ছে। মনে পড়ে, শুধু গ্রিক লিগে খেলার কারণেই আমাকে ২০০৬ বিশ্বকাপের দলে নেওয়া হয়নি, যদিও আমি সেখানে টানা দুবারের বর্ষসেরা ছিলাম। এবং এটি বর্তমানে ব্রাজিলের খেলোয়াড়েরা যেসব লিগে খেলছেন তার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ।’
বর্তমান দল নির্বাচনব্যবস্থায় ব্রাজিলের দুর্গতিই দেখছেন রিভালদো। তাই ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় নিয়ে দল গড়ার আহ্বান জানিয়েছেন, ‘এ অবস্থা চলতে থাকলে আগামী ৩০ বছরও আমাদের শিরোপা ছাড়াই থাকতে হবে। আমরা কি পারি না আরও ভালো খেলোয়াড়দের দলে নিতে? ...নয়তো আবারও লজ্জাই পেতে হবে।’ আইএএনএস।