দুঙ্গার ছোঁয়ায় অন্য ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বকাপ-ট্র্যাজেডি’র পর নেইমারদের বদলে দেওয়ার মিশনে নেমেছেন দুঙ্গা। ছবি: রয়টার্স
‘বিশ্বকাপ-ট্র্যাজেডি’র পর নেইমারদের বদলে দেওয়ার মিশনে নেমেছেন দুঙ্গা। ছবি: রয়টার্স

ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত; এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হার। এই দুই পরাজয়ে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে!

‘বিধ্বস্ত’ ব্রাজিল দলের পুনর্গঠনের দায়িত্ব বর্তায় কার্লোস দুঙ্গার ওপর। দ্বিতীয় দফা দায়িত্ব নিয়েই ব্রাজিলকে হাজির করেছেন অন্য চেহারায়।
সর্বশেষ, গত রাতে প্যারিসে প্রীতি ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের পুরোনো শক্তির কথাই জানান দিল ব্রাজিল। বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে টানা সাত ম্যাচ জিতেছে সেলেসাওরা। অথচ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট জার্মানি-আর্জেন্টিনার সাম্প্রতিক পরিসংখ্যানটাও এমন উজ্জ্বল নয়। জার্মানি ইউরো বাছাইপর্বে চার ম্যাচে জিতেছে দুটিতে, একটিতে হার, অপরটি ড্র। ইউরো বাছাইয়ে তো পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে বিস্ময়ের জন্ম দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন প্রীতি ম্যাচে জার্মানরা জিতেছে একটিতে, একটি ড্র ও অপরটিতে হার। সে পরাজয়টাও নিশ্চয় মনে আছে, বিশ্বকাপের পরই ডুসেলডর্ফে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে মেসিদের পরিসংখ্যানও খুব ভালো বলার উপায় নেই। বিশ্বকাপের পর পাঁচ প্রীতি ম্যাচে জিতেছে তিনটি, হেরেছে দুটিতে। সেই দুটি পরাজয় আবার ব্রাজিল ও পর্তুগালের বিপক্ষে।
বোঝাই যাচ্ছে, ব্রাজিলকে আবারও দুরন্ত করে তুলছেন দুঙ্গা। অন্যদিকে জাতীয় ​দলের জার্সিতে নেইমারও ছুটছেন সমান গতিতে। সাত ম্যাচে সাত গোল ব্রাজিলীয় সেনসেশনের। এর মধ্যে অক্টোবরে জাপানের বিপক্ষে একাই করেছিলেন ৪ গোল। গত রাতেও পেয়েছেন গোল।

ফরাসিদের বিপক্ষে নেইমার, গুস্তাভো ও অস্কারের গোলে জয়ের পর দুঙ্গা বললেন, ‘বিশ্বকাপের পর আমি চেষ্টা করছি খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করতে। চেষ্টা করছি একটা ভারসাম্য পেতে।’ তথ্যসূত্র: রয়টার্স।