দুঙ্গার টানা নয়

প্রায় এক বছর হয়ে গেল। বিশ্বকাপ সেমিফাইনালের সেই দুঃস্বপ্নের পর আর দেশের মাটিতে খেলেনি ব্রাজিল। পরশু সাও পাওলোতে আবার ফিরল সাম্বা ফুটবল, এবার আর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরে যেতে হলো না দর্শকদের। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নিল ব্রাজিল। ১১ জুন থেকে শুরু কোপার আগে আগামীকাল হন্ডুরাসের সঙ্গে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে দুঙ্গার অধীনে যেন ব্রাজিল নতুন করেই পথচলা শুরু করেছে। দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়া এ কোচের অধীনে এটা ব্রাজিলের টানা নবম জয়। পরশু তো আক্রমণের মূল ভরসা নেইমারই ছিলেন না। কিন্তু কুটিনহো, ডিয়েগো তারদেইরা সেই অভাবটা বুঝতে দেননি। ২৭ মিনিটে দুর্দান্ত এক গোলে কুটিনহো দেখিয়ে দিয়েছেন, কেন তাঁকে অস্কারের বিকল্প ভাবা হচ্ছে। ৯ মিনিট পর এলিয়াসের পাস থেকে গোল করে ব্যবধান বাড়িয়েছেন তারদেই। ডিফেন্ডার ডিয়েগো লুইজ তাই স্বস্তির নিশ্বাস ছেড়েছেন, ‘দেশে ফিরে আবার জিততে পেরে ভালোই লাগছে। জয়ের কারণে তো বটেই, যেভাবে খেলেছি তাতেও আমরা খুশি।’
রোমাঞ্চ ছড়িয়েছে বেলজিয়াম-ফ্রান্সের প্রীতি ম্যাচ। প্যারিসে ৫৪ মিনিটেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম, স্বাগতিক দর্শকদের কেউ কেউ হয়তো বাড়িও ফিরে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ২ গোল করে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। শেষ পর্যন্ত লাভ হয়নি অবশ্য, হেরে গেছে ৪-৩ গোলে। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন মারুয়ানে ফেলাইনি, অন্য দুই গোল রাদজা নাইংগোলান ও এডেন হ্যাজার্ডের। ফ্রান্সের গোলগুলো করেছেন ম্যাথু ভালবুয়েনা, নাবিল ফেকির ও দিমিত্রি পায়েত। এএফপি।