কার্লোস দুঙ্গার ব্রাজিলের জয়রথ ছুটছেই। কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে নামার আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচটাও জিতল ব্রাজিল। পরশু পোর্তো অ্যালেগ্রেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হন্ডুরাসকে হারিয়েছে রবার্তো ফিরমিনহোর একমাত্র গোলে। নিজের দেশে হতাশার বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব পাওয়া দুঙ্গার অধীনে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ব্রাজিল।
৩৩ মিনিটে জয়সূচক গোলটি করা ফিরমিনহো জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচে তৃতীয় গোল পেলেন। জয়ের ব্যবধান বড় না হলেও এ ম্যাচে হন্ডুরাসকে দাঁড়াতেই দেয়নি ব্রাজিল। প্রায় সারাক্ষণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চলা ম্যাচে ব্রাজিলের জালে কোনো শটই নিতে পারেনি হন্ডুরাস। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার কারণে অন্যদের চেয়ে দেরিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া অধিনায়ক নেইমারকে একাদশে রাখেননি দুঙ্গা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফিলিপে কুটিনহোর বদলি হিসেবে খেলেছেন নেইমার।
দারুণভাবে কোপার প্রস্তুতি শেষ করার দিনে একটা হতাশাও গ্রাস করেছে ব্রাজিলকে। গত রোববার মেক্সিকোকে ২-০ গোলে হারানো ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান রাইটব্যাক দানিলো। কাল জানা গেছে সেই চোট সারতে সময় লাগবে আরও। শেষ মুহূর্তে তাই দানিলোর বদলে দলে ডাকা হয়েছে দানি আলভেজকে। গত বছর দেশের মাটিতে বিশ্বকাপের পর ব্রাজিলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি আলভেজ। তবে ৩২ বছর বয়সী এ বার্সেলোনা রাইটব্যাকের অভিজ্ঞতা ব্রাজিলের খুব কাজে দেবে বলেই মনে করেন কোচ দুঙ্গা, ‘সে ২০০৭ সালের কোপাতেও খেলেছে। খুবই অভিজ্ঞ খেলোয়াড়। সেট পিসে তার দক্ষতা আমাদের জন্য বাড়তি পাওয়া।’
বাংলাদেশ সময় রোববার ভোররাত সাড়ে তিনটায় পেরুর সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও ভেনেজুয়েলা। এএফপি, মার্কা।
কোপার লড়াই অবশ্য শুরু হয়ে গেছে আজ ভোরে চিলি–ইকুয়েডর ম্যাচ দিয়েই। যেটির ফলাফলও হয়তো এরই মধ্যে জেনে গেছেন।