দুঙ্গার নেইমার-স্তুতি

কার্লোস দুঙ্গা নেইমারকে তারকা মনে করেন না। দিন কয়েক আগে ব্রাজিলের নতুন কোচ নিজেই বলেছেন, তারকা হতে হলে নেইমারকে অবশ্যই জিততে হবে বিশ্বকাপ। কিন্তু তারকা না হোন, নিজের সামর্থ্য-যোগ্যতা দিয়ে নেইমার ব্রাজিল দলের অনুপ্রেরণার উৎস তো হতেই পারেন। দুঙ্গাও বললেন ২২ বছর বয়সী নেইমার হবেন তারুণ্যনির্ভর ব্রাজিল দলের প্রেরণা।
দ্বিতীয় মেয়াদে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর পরশু প্রথমবারের মতো দল দিয়েছেন দুঙ্গা। আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। চার দিন পর নিউইয়র্কে প্রতিপক্ষ ইকুয়েডর। ২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখেই কিনা, দুঙ্গার ২২ সদস্যের দলে তারুণ্যের ছড়াছড়ি।
লুইস ফেলিপে স্কলারির ২৩ সদস্যের বিশ্বকাপ দলের মাত্র ১০ জনের জায়গা হয়েছে দুঙ্গার দলে। ডাক পেয়েছেন ক্রুজেইরোর এভারটন রিবেইরো, রিকার্ডো গুলার্ট, পোর্তোর ডিফেন্ডার দানিলো ও অ্যালেক্স সান্দ্রোদের মতো তরুণেরা। পরে সাও পাওলোতেই এক প্রতিক্রিয়ায় দুঙ্গা বলেছেন, নেইমারকে কেন্দ্র করেই গড়ে উঠবে দল।
দুঙ্গা দলের তরুণ খেলোয়াড়দের বলেও দিয়েছেন নেইমারের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে, ‘ব্রাজিলিয়ান ফুটবলের প্রসঙ্গে নেইমারের কথা আসবেই, বাকি বিশ্বেও তাই। খেলোয়াড় হিসেবে ওর মান অসাধারণ। আমাদের তা কাজে লাগাতে হবে, ও শুধু আমাদের দলেরই প্রতীক নয়, এখন যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে, ও তাদের সবারই আদর্শ।’
সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ায় মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই ২২ বছর বয়সী নেইমার অনেক উন্নতি করেছেন বলে মনে করেন দুঙ্গা, ‘ও প্রচুর উন্নতি করেছে (গত কয়েক বছরে)। সে এখন মানসিক এবং শারীরিকভাবেও শক্তিশালী, টেকনিক্যালিও অনেক উন্নতি করেছে।’
পিঠে চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পরপরই দেওয়া সাক্ষাৎকারে নেইমার বুঝিয়ে দিয়েছেন, শুধু ফুটবলার হিসেবেই নয়, মানুষ হিসেবেও বড় হয়ে উঠেছেন তিনি! ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গাও বলছেন, ‘ও অনেক বেশি পরিণত। আমরা সবাই ওর সাক্ষাৎকার দেখেছি, যেখানে সে বলেছে, আগামী বিশ্বকাপের আগে ওকে আরও ভালো হতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এটাই প্রমাণ করে ও ফুটবলে বড় কিছু করতে চায়।’
রিবেইরো, গুলার্টদের মতো তরুণদের দলে নেওয়ার পক্ষে দুঙ্গার যুক্তি, ‘এভারটন রিবেইরোকে নেওয়া হয়েছে ওর ড্রিবলিংয়ের জন্য। চার খেলোয়াড়ের দুই লাইনের কড়া মার্কিংয়ের এই যুগে খুব কম জায়গা পাওয়া যায়। আমাদের জন্য এখন সৃষ্টিশীল খেলোয়াড় গুরুত্বপূর্ণ, আর ড্রিবলিংটাই ওর শক্তিশালী দিক।’ রয়টার্স, গোলডটকম।