দুঙ্গার ব্রাজিল ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ জার্সি গায়ে চড়ালেই নেইমার অপ্রতিরোধ্য। পরশু প্রীতি ম্যাচে ফ্রান্সের জালে বল পাঠিয়ে সতীর্থ উইলিয়ানের সঙ্গে উদ্‌যাপন করলেন ব্রাজিল ফরোয়ার্ড l এএফপি
হলুদ জার্সি গায়ে চড়ালেই নেইমার অপ্রতিরোধ্য। পরশু প্রীতি ম্যাচে ফ্রান্সের জালে বল পাঠিয়ে সতীর্থ উইলিয়ানের সঙ্গে উদ্‌যাপন করলেন ব্রাজিল ফরোয়ার্ড l এএফপি

মিনেইরাজোর ভূত হয়তো সারা জীবনই তাড়া করে বেড়াবে। তবে ২০১৪ বিশ্বকাপে জার্মানির সঙ্গে ৭-১ গোলের সেই পরাজয়ের ধাক্কাটা কাটিয়ে ব্রাজিল বোধ হয় কক্ষপথে ফিরেছে। পরশু ফ্রান্সের সঙ্গে ৩-১ গোলে জয়ের পর ব্রাজিল কোচ দুঙ্গা কৃতিত্বটা এখন দাবি করতেই পারেন।
প্রীতি ম্যাচে জয় হয়তো মহার্ঘ্য কিছু নয়। কিন্তু ফ্রান্সের মতো দলের সঙ্গে তাদের মাঠে জেতা তো আর দশটা জয়ের মতো নয়। বিশ্বকাপের পর টানা ৭ ম্যাচে জিতল ব্রাজিল, তবে দুঙ্গা পরশুরটা নিয়েই বেশি তৃপ্তি পাচ্ছেন, ‘এ রকম একটা দর্শকভরা মাঠে ফ্রান্সের সঙ্গে খেলাটা সব সময় কঠিন। ফুটবলে আপনি হারতে বা জিততে পারেন, কিন্তু ওদের মতো শক্ত একটা দলের সঙ্গে জেতাটা দারুণ ব্যাপার।’
রাফায়েল ভারানের হেডে শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। বিরতির ৫ মিনিট আগে অস্কার সমতা আনেন। ৫৭ মিনিটে নেইমারের বাঁ পায়ের দারুণ এক শটে এগিয়ে যায় ব্রাজিল। ৬৯ মিনিটে কর্নার থেকে লুইজ গুস্তাভোর হেড নিশ্চিত করে, ২০১৩ সালের পর এই প্রথম কোনো প্রীতি ম্যাচে হারছে ফ্রান্স।
কাকতালীয়ভাবে সেই ম্যাচটাও ছিল ব্রাজিলের সঙ্গে। এমনিতে এই মাঠে দুঙ্গার কিছু হিসাব চুকানোর ছিল। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে পরাজয়ের স্মৃতি ভোলার কথা নয়। ডাগ-আউটের প্রতিদ্বন্দ্বী দিদিয়ের দেশমও ছিলেন ঐতিহাসিক সেই ম্যাচে। দুঙ্গা অবশ্য বিশ্বকাপের ধাক্কা সামলে ওঠাটাকেই দেখছেন বড় করে, ‘আমি দলে একটা ভারসাম্য আনার চেষ্টা করছি। বিশ্বকাপের পর খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ানোর চেষ্টা করছি। তবে আজ আমরা নিখুঁত খেলতে পারিনি, কিছু ভুল করেছি।’ ফ্রান্স কোচ দেশমেরও একটা সান্ত্বনা আছে, ‘এ রকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া খারাপ নয়। আজকের ম্যাচ থেকে আমরা অনেক কিছুই শিখব।’ এএফপি।