দুঙ্গার মন্ত্র

কোপা আমেরিকায় ব্যর্থতা তাড়িয়ে বেড়াচ্ছে এখনো। আগামী অক্টোবরে আবার শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন লড়াই। ম্যারাথন বাছাইপর্বটিকে দল গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছেন ব্রাজিল কোচ দুঙ্গা। আর সেটির প্রেরণা খুঁজছেন কোপার ব্যর্থতা থেকেই! এটাই দলকে জয়ী হতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ব্রাজিল কোচ, ‘জিততে হলে একটি দলের যন্ত্রণার সঙ্গে পরিচয় থাকতে হয়। ইতিহাস বলে, একটা দল ভালো কিছু খেলোয়াড় নিয়ে গড়ে ওঠে। পাশাপাশি বাজে সময়ের মুখোমুখি হওয়ার মতো ব্যক্তিত্ব আর দৃঢ়তাও খেলোয়াড়দের থাকা উচিত।’
চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে ম্যাচে অসদাচরণের শাস্তি হিসেবে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিল অধিনায়ক। এর দুটি ম্যাচ চলে গেছে কোপায়। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া খেলার বাস্তবতা মেনে নিতেই হচ্ছে দুঙ্গাকে, ‘সবাই চায় নেইমারকে পেতে। তবে ব্রাজিলের আরও ২২ জন খেলোয়াড় আছে, যারা ওর অভাব মেটাতে পারবে। বাকি ম্যাচগুলো তো ও খেলবে। আমাদের পুরো বাছাইপর্ব নিয়েই চিন্তা করতে হবে, একটি-দুটি ম্যাচ নিয়ে নয়।’
চিন্তাটা নিজের ক্যারিয়ার নিয়েও করতে হচ্ছে দুঙ্গাকে। পরীক্ষকের চোখ নিয়ে যে তাঁর দিকে তাকিয়ে ২০ কোটি ব্রাজিলিয়ান। গোল ডটকম।