দুঙ্গার সঙ্গে তাফারেলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন অনেক দিনের চেনা বন্ধুদের পুনর্মিলনী। দুই দশক আগে কার্লোস দুঙ্গা বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার সময় পাশে ছিলেন ক্লদিও তাফারেল, গিলমার রিনালদি আর মাওরো সিলভারা। প্যাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে তাফারেল যখন রবার্তো বাজ্জোর পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ব্রাজিলের সাইড বেঞ্চে বসা রিনালদি। কোচ কার্লোস আলবার্তো পেরেইরার দলে যিনি ছিলেন তৃতীয় গোলরক্ষক।
সেই রিনালদিই এখন কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) টেকনিক্যাল কো-অর্ডিনেটর।
ধারণা করা হচ্ছে, রিনালদির হাত ধরেই চার বছর পর আবার ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব ফিরে পেয়েছেন দুঙ্গা। সেটি পেয়েই তিনি সহকারী হিসেবে বেছে নিয়েছেন আরও দুই সতীর্থ তাফারেল ও সিলভাকে। সব মিলিয়ে ব্রাজিলের কোচিং প্যানেল এখন যেন বিশ্বকাপজয়ীদের মেলা!
তাফারেল অবশ্য আগের মেয়াদেও দুঙ্গার কোচিং স্টাফদের মধ্যে ছিলেন। এর আগে-পরে দুই দফায় ছিলেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের গোলকিপিং কোচ। সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার মাওরো সিলভা অবশ্য দুঙ্গার অধীনে নির্দিষ্ট কোনো ভূমিকা নেবেন না। সিবিএফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যখন যেভাবে দরকার হয় সেভাবেই দুঙ্গা তাঁকে কাজে লাগাবেন।
২০১৮ বিশ্বকাপের চ্যালেঞ্জ সামনে রেখেই বিশ্বকাপজয়ীদের নিয়ে কোচিং প্যানেল করা হয়েছে। রিনালদির ভাষায়, ‘আমরা এমন কয়েকজনকে বেছে নিয়েছি যাঁরা বিশ্বকাপ জিতেছেন, যেন দলের ডিএনএতে চ্যাম্পিয়নশিপটা থাকে। এঁরাই ঠিক করবেন কোথায় নজর দিতে হবে, কোথায় উন্নতি করা দরকার।’
নতুন কোচিং প্যানেল আগামী মাসেই দুঙ্গার নেতৃত্বে কাজ শুরু করবে। দুঙ্গার অধীনে মায়ামিতে ৫ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৯ সেপ্টেম্বর নিউজার্সিতে পরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর। পরের মাসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা সেলেসাওদের। সেই ম্যাচটি হবে চীনে। এএফপি, রয়টার্স।