দুঙ্গার সঙ্গে থাকছেন তাফারেলও

ব্রাজিলিয়ান ফুটবলের হারানো গৌরব যেন ফিরে এসেছিল ১৯৯৪ সালে। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার সেলেসাওদের আরেকটি দুর্যোগপূর্ণ মুহূর্তে আবারও দৃশ্যপটে হাজির হয়েছেন ’৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকারা।
জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে লজ্জাজনক বিদায়ের পর নতুন করেই সাজছে ব্রাজিলিয়ান ফুটবল। কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুইস ফেলিপে স্কলারি। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক দুঙ্গাকে। দলের প্রধান সমন্বয়কারী গিলমার রিনালদিও ছিলেন দুঙ্গার সতীর্থ।
ব্রাজিলের কোচিং দলে এবার যোগ দিয়েছেন ’৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের আরও দুই সদস্য। সেলেসাওদের নতুন গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিয়েছেন ক্লদিও তাফারেল। চুরানব্বইয়ের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের দুই প্রীতিম্যাচে দুঙ্গার সহকারী হিসেবে কাজ করবেন মাওরো সিলভা। তিনিও ছিলেন ব্রাজিলের ’৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য। এএফপি