দুঙ্গার সাহায্যে কোচিং প্যানেল
দলের ভেতরে সমস্যা—কারও সঙ্গে একটু পরামর্শ করলে ভালো হতো! সমস্যা থাক বা না-ই থাক চাইলে বিশ্বকাপজয়ী কোচদের পরামর্শ নিতে পারবেন ব্রাজিলের ফুটবল কোচ কার্লোস দুঙ্গা। জাতীয় দলের ফুটবল কোচকে সহায়তার জন্যই ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) সাবেক কোচদের নিয়ে একটি প্যানেল গঠন করতে যাচ্ছে।
রিও ডি জেনিরোয় ঘরোয়া ক্লাবগুলোর কোচ ও দুঙ্গার সঙ্গে সিবিএফের কর্মকর্তারা এক বৈঠকে বসে দলের সাবেক কোচদের একটা প্যানেল গড়ার আহ্বান জানান। ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপে স্কলারি, ফ্ল্যামেঙ্গোর বর্তমান কোচ ভ্যান্ডারলি লুক্সেমবার্গোকে নিয়ে গড়া প্যানেলের কাজ হবে জাতীয় দলের কোচিংয়ে দুঙ্গাকে সহায়তা করা। ফেডারেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুঙ্গা, ‘অভিজ্ঞদের অভিজ্ঞতা এবং সান্নিধ্য কাজে লাগানোর ধারণাটা ব্রাজিলের ফুটবলের জন্য সহায়ক হবে।’ আইএএনএস।