কোনো রাখঢাক নেই। নিজের কাছে ঠিক মনে হলেই অবলীলায় বলে ফেলেন রোমারিও। কিন্তু এবার এমন কিছু বলেছেন যাতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে ব্রাজিলের সাবেক ফুটবলার ও বর্তমান সাংসদকে। ইতালিয়ান এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দল নির্বাচনে বাণিজ্যিক প্রভাব ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে দুর্নীতির কথা বলেছেন রোমারিও। এক ফুটবলারের সাবেক এজেন্ট গিলমার রিনালদিকে করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর। রোমারিও আঙুলটা তুলেছেন তাঁর দিকে। দল নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের কথা বলতে গিয়ে জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমান কোচ কার্লোস দুঙ্গাকেও টেনে এনেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক খেলোয়াড়, ‘আমি জানি না সে দুর্নীতিগ্রস্ত কি না, তাতে তার ভূমিকা আছে কি না। কিন্তু সে সবকিছু দেখছে। সে অন্ধ বা নির্বোধ নয়।’ এতেই চটেছেন দুঙ্গা, এতটাই যে ব্যাপারটি নিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন। বলেছেন, প্রমাণ ছাড়া তাঁদের বিরুদ্ধে বলার অধিকার রোমারিওর নেই। আইএএনএস।