
বেরসিক বৃষ্টি বেইজিংয়ে ম্যানচেস্টার ডার্বিটা মাঠে গড়াতেই দিল না। দেখতে দিল না অনেক দিন পর দুই ‘চিরপ্রতিদ্বন্দ্বী’র দ্বৈরথ। ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহো, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা। ম্যাচের আগে দুজন হাত মেলান কি না সেটাও দিল না দেখতে।
ফুটবলে সাধারণ সৌজন্যমূলক এই অভিব্যক্তিই ‘প্রীতি’ ম্যাচটির আগে পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে। মরিনহো-গার্দিওলা প্রতিদ্বন্দ্বিতা যে এতটাই! বাতিল হওয়া ম্যাচটির আগে দুই কোচই অবশ্য উড়িয়ে দিয়েছেন হাত মেলানোর বিষয়টিকে। গার্দিওলা তো বলেছেনই, ‘কেন মেলাব না? আমরা ভদ্রলোক!’ প্রশ্নও এখানেই, কী এমন প্রতিদ্বন্দ্বিতা যে একজন কোচকে উচ্চগ্রামে সুর তুলে প্রমাণ দিতে হচ্ছে নিজের ভদ্রতার?
গল্পটার শুরু ২০১০ সালে। চ্যাম্পিয়নস লিগ, ডাগআউটে দুজনের প্রথম ‘মুখদর্শন’। গ্রুপ পর্বের দুই ম্যাচে অবশ্য কোনো নাটকীয়তা হয়নি। সব যেন জমা ছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগের জন্য। সান সিরোতে প্রথম লেগে ৩-১ গোলে হারায় বার্সার জন্য ম্যাচটি ছিল কঠিন চ্যালেঞ্জ। ন্যু ক্যাম্পে নাটকও হলো বেশ। সার্জিও বুসকেটসের ‘অভিনয়-প্রতিভায়’ শুরুতেই লাল কার্ড দেখেন ইন্টারের থিয়াগো মোত্তা। এরপর? ইতিহাস!
১০ জনের দল নিয়ে মরিনহো এগোন বিখ্যাত ‘বাস-পার্ক’ কৌশলে। ম্যাচটা বার্সা ১-০ গোলে জেতে ঠিকই, কিন্তু দুই লেগের সম্মিলিত ফলে বাদ পড়ে যায়। হেরেও ম্যাচের পর ন্যু ক্যাম্পে পাগুলে দৌড় দেন মরিনহো। পরে বলেন, ‘আমার জীবনের সবচেয়ে সুন্দর পরাজয়!’
গার্দিওলা-মরিনহোর দ্বৈরথের শুরু ওই ম্যাচ দিয়েই। তাতে বাড়তি মসলা যোগ হয় পরের মৌসুমে মরিনহো রিয়াল মাদ্রিদে এলে। একে বার্সা-রিয়াল, তাতে সময়ের সেরা দুই কোচের লড়াই। প্রথম ‘এল ক্লাসিকো’তে মরিনহোর রিয়ালকে ৫-০ গোলে হারানোর পর গার্দিওলার ঠোঁটে ফোটে ‘বাস-পার্কে’র জবাব দেওয়ার তৃপ্তির হাসি, ‘আমি গর্বিত, আজ বিশ্বকে দেখিয়ে দিলাম ফুটবলটা আমরা কীভাবে খেলি।’

কৌশলের শ্রেষ্ঠত্বের এই ‘যুদ্ধ’ই কদর্য রূপ নেয় ২০১১ সালের এপ্রিলে। লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সেবার টানা চারটি ক্লাসিকো। মরিনহোর চতুর মনস্তাত্ত্বিক চাপ যেন পেয়ে বসে গার্দিওলাকে। রোনালদোর গোলে স্প্যানিশ কাপের শিরোপা জিতল রিয়াল, বার্সা কোচ রেফারির সমালোচনা করলেন অদ্ভুতভাবে, ‘সহকারী রেফারির দৃষ্টিশক্তি নিশ্চয়ই অনেক ভালো। পেদ্রো মাত্র দুই সেন্টিমিটার অফসাইড, সেটিই ধরে ফেললেন!’
সমালোচনা তো নয়, যেন মরিনহোর তূণে তির তুলে দেওয়া! রিয়াল কোচ স্বভাবগতভাবেই তিরে বিষ মাখিয়ে দিলেন, ‘এত দিন দুই ধরনের কোচ ছিল—কেউ রেফারির ভুলের সমালোচনা করত, কেউ করত না। আজ নতুন আরেকটি ধরন তৈরি হলো, সঠিক সিদ্ধান্তের পরও যে রেফারির সমালোচনা করে!’
খোঁচাটা খেয়ে গার্দিওলা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগে যেন মেজাজ হারিয়ে ফেললেন, ‘পুরো মৌসুমেই মাঠের বাইরে তিনি জিতেছেন। এ জন্যই (কথার লড়াইয়ে) তাঁকে একটা চ্যাম্পিয়নস লিগ দিয়ে দেওয়া যায়। প্রেসরুমে তিনি আসলে একজন *** কোচ, যিনি সব জানেন।’
মাঠের লড়াইয়ে অবশ্য গার্দিওলাই জিতেছেন, সেবারের চ্যাম্পিয়নস লিগও। কিন্তু মরিনহোর খোঁচা কি থামে! বার্সেলোনা রেফারি ও উয়েফার সাহায্য পায় জানিয়ে বললেন, ‘আশা করি, কোনো একদিন গার্দিওলা নিখুঁতভাবে এই শিরোপাটা জিতবে।’ তবে দুজনের লড়াইয়ে সবচেয়ে বড় বিতর্কটা তখনো বাকি। ২০১১ সালের আগস্টে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে একটি লাল কার্ডকে ঘিরে দুই দলের মধ্যে মারামারি বেধে যায়। এরই মধ্যে বার্সার সে সময়ের সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে খোঁচা মেরে বসেন মরিনহো। বিতর্কিত কাজটির পর বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছিলেন, ‘মরিনহোর স্প্যানিশ ফুটবলই নষ্ট করছেন।’
স্পেন-অধ্যায় শেষ হয়েছে আগেই। মিউনিখ আর লন্ডন ঘুরে দুজনের রাস্তা এখন মিলেছে ম্যানচেস্টারে, নগরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। এ বেলা হাত মেলাবেন দুজন?
ইতিহাস মোটেও আশাবাদী করে না। সূত্র: স্কাই স্পোর্টস।