দুজনের দেখা হলো হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল দলে তাঁরা সতীর্থ। আন্তর্জাতিক ফুটবল এলে দেখা তাঁদের হয়ই। নেইমার আর গাব্রিয়েল জেসুসের এবার দেখা হলো বার্সেলোনা শহরে, তবে হাসপাতালে। বার্সেলোনার এক হাসপাতালে এখন চিকিৎসা চলছে জেসুসের। গত বৃহস্পতিবার ভেঙে যাওয়া মেটাটার্সালের সফল অস্ত্রোপচার হয়েছে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হাসপাতালে একে অপরকে কাছে পেয়ে খুশি হয়েছেন নেইমার-জেসুস। নেইমার তাঁর টুইটারে জেসুসের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন। শুভকামনা জানিয়ে দিয়েছেন বার্তা, ‘তোমাকে ভালো অবস্থায় দেখে ভালো লাগছে।’

ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটিতে নাম লেখান জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগে এসেই দারুণ খেলছেন, চার ম্যাচ খেলে করেছেন ৩ গোল। গত সোমবার বোর্নমাউথের বিপক্ষে দলের ২-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন জেসুস। দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। মার্কা।